বিএনপির হয়ে নির্বাচন করতে চান হিরো আলম!

এক দিনের ব্যবধানে দল পাল্টে এবার বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেসের নেতৃত্বাধীন জোটের একক প্রার্থী হিসেবে তাঁর মনোনয়নপত্র দাখিল করা হয়।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) হিরো আলম নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেস জোটের হয়ে ডাব প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে হিরো আলম সংবাদমাধ্যমকে বলেন, দেখেন আমার ইচ্ছে ছিলো যে কোন দলের হয়ে নির্বাচন করা। আমি এখন পর্যন্ত কোনো বাধার সন্মুখীন হয়নি। যারা আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের সাথেও ভালো সম্পর্ক। আমি তবুও ডিবি কার্যালয়ে গিয়েছিলাম আমার নিরাপত্তার জন্য। প্রতিবারতো আমার সাথে অন্যায়। এবার যেন নির্বাচনটা ঠিক ভাবে করতে পারি। হারুন স্যার আমাকে বলেছে এবার কোন ঝামেলা হবে না।

অন্য কোন দলের হয়ে কেন নির্বাচন করলেন না জানতে চাইলে হিরো আলম বলেন, আমাকে যে কোন বড় দল অফার করলে অবশ্যয় আমি না করবো না। বিএনপি এখনো নির্বাচনে আসেনি। আসার সম্ভবনাও একদম ফুরিয়ে যায়নি। আসন্ন নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ করে আর আমাকে যদি তারা দলীয় মনোনয়ন দেয় আমি তাদের হয়ে নির্বাচন করবো। আমি এটা হাতছাড়া করতে চাই না।

তিনি বলেন, বড় দলের হয়ে নির্বাচন করলে জয় পাওয়ার সম্ভবনা বেশি থাকে। ধরেন আওয়ামী লীগ যদি আমাকে মনোনয়ন দিতো আমি তাদের হয়ে নির্বাচন করতাম।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন হিরো আলেম। পরে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনেও অংশ নেন তিনি। ওই সব নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছিলেন হিরো আলম। তখন তিনি বলেছিলেন, “এই সরকারের অধীনে আর নির্বাচন করব না।” যদিও পরে তিনি আবার নির্বাচন করার ঘোষণা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *