ঢালিউড সুপারস্টার শাকিব খান যেন পরশ পাথর। তার নামেই চলে সিনেমা। অনেকে মনে করেন, তার সহশিল্পীদের কাঁধে তপ্ত নিশ্বাস ফেলার সুযোগ পায় না ব্যর্থতা। এ তারকার সিনেমায় যুক্ত হয়ে সহজেই পরিচিতি পেয়েছেন একাধিক নায়িকা। ঢাকাই সিনেমার অনেক অভিনেত্রীই তাই মুখিয়ে থাকেন তাকে কো-আর্টিস্ট হিসেবে পেতে। আজ থেকে বছর তিনেক আগে এ সুযোগ আসে অভিনেত্রী জাহারা মিতুর কাছে।
শাকিবের সঙ্গে ‘আগুন’ নামের একটি সিনেমায় যুক্ত হন মিতু। ২০১৯ সালের ৫ আগস্ট শুরু হয় ‘আগুন’ এর শুটিং। সে বছরের অক্টোবরে শেষ হয় এর দ্বিতীয় লটের কাজ। তারপর আচমকা গুটিয়ে নেওয়া হয় ক্যামেরা, নিভিয়ে দেওয়া হয় লাইট।
আরও পড়ুন-
শাকিব খানের ‘দরদ’ মুক্তির তারিখ জানালেন অনন্য মামুন
উপজেলা চত্বরে প্রবেশ করায় ১৭ ঘন্টা মুরগি আটকে রাখলেন ইউএনও
মাঝে কয়েক বছর স্থগিত থাকার পর গত বছর ফের লাইট-ক্যামেরা জ্বলে ওঠে ছবিটির। ধারণা করা হয়েছিল, এবার শেষ হচ্ছে। কিন্তু না, অল্প কিছু কাজ বাকি থাকতেই নিভে যায় লাইট-ক্যামেরা।
কিং খান ব্যস্ত হয়ে পড়েন অন্য ছবিগুলো নিয়ে। সেসব মুক্তিও পেয়েছে। তবে গতি হয়নি ‘আগুনের’ । এতে ছবিটির ভবিষ্যৎ নিয়ে অনেকেই ছিলেন শঙ্কায়। সেসব শঙ্কা উড়িয়ে এরইমধ্যে সুখবর দিয়েছেন ছবিটির পরিচালক বদিউল আলম খোকন। সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চলতি মাসেই ‘আগুনের’ জন্য শিডিউল দেবেন কিং খান। তবে এ বিষয়ে কিছুই জানেন না ছবির নায়িকা জাহারা মিতু।
তিনি বলেন, ‘আমি কিছুই জানি না। আপনাদের মতোই শুনেছি শুটিং শুরু হচ্ছে। তবে যতক্ষণ পর্যন্ত না শুটিংয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করতে চাই না। আমি বিভিন্ন সংবাদ পড়ে জানতে পারলাম আমার পরিচালক জানিয়েছেন ২২ ডিসেম্বরের পর শুটিং শুরু হবে।’
এ সময় ‘আগুন’ সিনেমাটিকে নিজের সন্তান সম্বোধন করে মিতু বলেন, ‘‘আমার প্রথম সিনেমা ‘আগুন’ আমার প্রথম সন্তান। এখনও তো মা হইনি তাই জানি না মায়ের অনুভূতি কেমন। তবে মা হওয়ার আগ পর্যন্ত ‘আগুন’ সিনেমাটাই আমার প্রথম সন্তান। আমি সবসময়ের জন্য তৈরি। যদি বলা হয় আধঘন্টা পড়ে শুটিং, তখনই চলে যাব। কিন্তু আমি আসলেই জানি না কবে থেকে শুটিং শুরু হচ্ছে।’’
পরিচালক বদিউল আলম খোকনের ওপর অগাধ আস্থা অভিনেত্রীর। তিনি বলেন, ‘‘খোকন ভাইয়ের একটা ব্যাপার হচ্ছে উনি একেবারে শিউর শটে খেলেন সবসময়। সবকিছু গুছিয়ে আমার কস্টিউম রেডি করে বলবেন, হিরোইন এত তারিখ থেকে শুটিং। আমি সবসময় ওনার থেকে এভাবেই পেয়েছি। সব প্রস্তুতি নিয়ে তারপর বলেন, এত তারিখ থেকে শুরু, যদি ফ্রি থাকো তাহলে চলো শুরু করি। সেক্ষেত্রে আমার পূর্ণ আস্থা তার ওপর। তিনি যেদিন ডাকবেন সেদিনই আমি যাব।’’
আরও পড়ুন-
অস্ট্রেলিয়ায় আমাদের বেশিরভাগ দৃশ্যের শুটিং হতো রাতে: তাসনিয়া ফারিণ
পুলিশ কর্মকর্তা হচ্ছেন অভিনেত্রী বাঁধন!
নির্মাণেই কেটে গেল কয়েক বছর। এরইমধ্যে শাকিবের লুকেও এসেছে পরিবর্তন। মুক্তির পর ছবিটি কতটা আবেদন ছড়াতে পারবে বলে মনে করছেন— জানতে চাইলে মিতু বলেন, ‘‘দেখুন এই সিনেমার সঙ্গে আমি শুধু বাস্তবিকভাবেই যুক্ত নই। ‘আগুন’ আমার আবেগ। ওই জায়গা থেকে আমি সবসময় ছবিটি নিয়ে ইতিবাচক কথা বলব। কারণ আমি ‘আগুন’ দ্বারা প্রভাবিত। পৃথিবীর সব সিনেমা একদিকে আর ‘আগুন’ আমার কাছে একদিকে।’’
