মাদ্রাসা ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, ব্যানার-ফেস্টুনে আগুন

নজর২৪ ডেস্ক- রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে মিছিলে মাদরাসা ছাত্রদের ওপর পুলিশের হামলা ও গ্রেফতারের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া।

 

এ ঘটনায় শুক্রবার সন্ধ্যা থেকে বিপুল সংখ্যক কওমী মাদরাসার ছাত্ররা জেলা শহরের প্রধান সড়ক টি এ রোডে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

 

এ সময় শহরের প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ ছাত্ররা বিভিন্ন রাজনৈতিক ব্যানার ও ফেস্টুনে অগ্নিসংযোগ করে।

 

মুফতি রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদসভায় বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ছাত্রদের মুক্তি না দিলে হরতালসহ কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।

 

এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইট থেকে ভাস্কর্যবিরোধী মিছিল বের করে বেশ কিছু মাদ্রাসা ছাত্র। এতে পুলিশ বাধা দিলে সেখানে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে কাকরাইলে পুলিশ লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এতে মিছিল পণ্ড হয়ে যায়। এসময়য় নয় মাদ্রাসাছাত্রকে আটক করেছে পুলিশ।

 

রমনা থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে বায়তুল মোকাররমে নামাজ শেষে একদল মাদ্রাসাছাত্র মিছিল করে নাইটিঙ্গেল মোড়ে হয়ে কাকরাইলে রাস্তার ওপর অবস্থান নেন। পুলিশ তাদের সরে যেতে বললে তারা বাদানুবাদে জড়ান। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে তারা ঢিল ছুড়তে শুরু করে।

 

তিনি বলেন, পুলিশ তখন তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং ঘটনাস্থল থেকে নয়জনকে আটক করে থানায় নিয়ে যায়।

 

ওই মাদ্রাসাছাত্ররা কোন সংগঠনের জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, তারা এসেছিল ‘তৌহিদী জনতা’ লেখা ব্যানার নিয়ে।

 

তবে হেফাজতে ইসলামীর এক নেতা বলেন, তাদের সংগঠনের নতুন যে কমিটি হয়েছে, তার যুগ্ম মহাসচিব মামুনুল হকের অনুসারী ওই ছাত্ররা। মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন সম্প্রতি ফয়জুল করীম ও মামুনুল হকের বিরুদ্ধে বিক্ষোভ করেছে, তাদের কুশপুত্তলিকা দাহ করেছে। এর প্রতিবাদে বিভিন্ন স্থান থেকে মাদ্রাসা ছাত্ররা বায়তুল মোকাররমে বিক্ষোভ করতে এসেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *