রংপুরে সরকারি চাল আত্মসাতের অভিযোগে ইউপি সদস্য বরখাস্ত

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- রংপুরের তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ও ইজিপিপি কর্মসূচির অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগে মমিনুর রহমান নামে এক ইউপি সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

 

তিনি উপজেলার সয়ার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন সয়ার ইউপি চেয়ারম্যান এস এম মহিউদ্দিন আজম কিরণ।

 

তিনি জানান, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ, ইজিপিপি কর্মসূচির অর্থ আত্মসাৎ ছাড়াও বিভিন্ন অনিয়ম এবং পরিষদের একাধিক সভায় অনুপস্থিতির কারণে ইউপি সদস্য মমিনুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

গত ২ নভেম্বর অনুষ্ঠিত মাসিক সভাসহ পূর্বের মোট ২৪টি সভায় অংশ না নেয়া এবং কর্মক্ষেত্রে দীর্ঘ অনুপস্থিতির ব্যাপারে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। প্রাথমিকভাবে অনুপস্থিতির কারণ হিসেবে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ও ইজিপিপি কর্মসূচির অর্থ আত্মসাতের বিষয়টি আলোচনায় আসে। পরে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন জেলা প্রশাসক।

 

পর্যালোচনা সাপেক্ষে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী, মঙ্গলবার (২৪ নভেম্বর) ইউপি সদস্য মমিনুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।

 

তবে বরখাস্ত ইউপি সদস্য মমিনুর রহমান সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে নিয়ে সয়ার ইউনিয়ন পরিষদে নানা ষড়যন্ত্র তৈরি করা হয়েছে। বরখাস্তের কোনো কাগজপত্র এখনও হাতে পাইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *