কাকরাইলে পুলিশের সাথে সংঘর্ষ: ৯ মাদ্রাসাছাত্র আটক

নজর২৪, ঢাকা- শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইট থেকে ভাস্কর্যবিরোধী মিছিল বের করে বেশ কিছু মাদ্রাসা ছাত্র। এতে পুলিশ বাধা দিলে সেখানে হাতাহাতির ঘটনা ঘটে।

 

এক পর্যায়ে কাকরাইলে পুলিশ লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এতে মিছিল পণ্ড হয়ে যায়। এসময়য় নয় মাদ্রাসাছাত্রকে আটক করেছে পুলিশ।

 

রমনা থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে বায়তুল মোকাররমে নামাজ শেষে একদল মাদ্রাসাছাত্র মিছিল করে নাইটিঙ্গেল মোড়ে হয়ে কাকরাইলে রাস্তার ওপর অবস্থান নেন। পুলিশ তাদের সরে যেতে বললে তারা বাদানুবাদে জড়ান। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে তারা ঢিল ছুড়তে শুরু করে।

 

তিনি বলেন, পুলিশ তখন তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং ঘটনাস্থল থেকে নয়জনকে আটক করে থানায় নিয়ে যায়।

 

ওই মাদ্রাসাছাত্ররা কোন সংগঠনের জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, তারা এসেছিল ‘তৌহিদী জনতা’ লেখা ব্যানার নিয়ে।

 

তবে হেফাজতে ইসলামীর এক নেতা বলেন, তাদের সংগঠনের নতুন যে কমিটি হয়েছে, তার যুগ্ম মহাসচিব মামুনুল হকের অনুসারী ওই ছাত্ররা। মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন সম্প্রতি ফয়জুল করীম ও মামুনুল হকের বিরুদ্ধে বিক্ষোভ করেছে, তাদের কুশপুত্তলিকা দাহ করেছে। এর প্রতিবাদে বিভিন্ন স্থান থেকে মাদ্রাসা ছাত্ররা বায়তুল মোকাররমে বিক্ষোভ করতে এসেছিল।

 

ঢাকা মহানগরে হেফাজতে ইসলামীর নতুন কমিটির নেতা মুফতি সাখাওয়াত হোসেন রাজী বলেছেন, তাদের কোনো কর্মসূচি শুক্রবার ছিল না। আটক মাদ্রাসা ছাত্রদের পরিচয় তার জানা নেই।

 

এদিকে গ্রেপ্তারকদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে মুক্তির আল্টিমেটাম দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে তার ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে তিনি এ কথা জানান।

 

আল্লামা মামুনুল হক বলেন, শিরকের প্রতীক মূর্তির বিরুদ্ধে কথা বলায় আমি যখন জুলুমের শিকার, এক মজলুমের পক্ষে দাড়াতে হাজারো তৌহিদী জনতা রাজপথে নেমেছে৷ তাদের এ বিক্ষোভ ছিল তাওহিদী চেতনার বহিঃপ্রকাশ৷ ছিল একত্ববাদ প্রতিষ্ঠা ও শিরকের প্রতীকের বিরুদ্ধে ক্ষোভ জানানোর কর্মসূচি৷ এই সাহসী জনতাকে সশ্রদ্ধ সালাম! তাদের উপর নির্মম লাঠিচার্জ ও নি’র্যা’ত’নের দৃশ্য জাতি দেখেছে ৷

 

এই আলেম আরও লিখেছেন, বিক্ষোভকারী প্রায় অর্ধশত তৌহিদী জনতাকে গ্রেফতার করা হয়েছে ৷ ২৪ ঘন্টার মধ্যে তাদের মুক্তি না দিলে বিক্ষোভ সারাদেশে ছড়িয়ে পড়তে পারে। এক জুলুমের প্রতিবাদে হাজার মানুষের বিক্ষোভ হলে পরবর্তী জুলুমের প্রতিবাদে লক্ষ জনতার বাঁধভাঙ্গা বিক্ষোভ নেমে আসবে রাজপথে এটাই স্বাভাবিক। দায়িত্বশীল মহলের যথাযথ পদক্ষেপ এর প্রতীক্ষায় রইলাম।

 

অন্যদিকে পুলিশের হাতে গ্রেপ্তারকৃত মাদ্রাসার ছাত্রদের মুক্তির দাবিতে প্রয়োজনে ‘কঠিন’ কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী।

 

জুনায়েদ বাবুনগরী বলেন, ‘ঢাকার বিক্ষোভ মিছিল থেকে গ্রেপ্তারকৃত মাদ্রাসা ছাত্রদের যদি ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি দেওয়া না হয়, তাহলে হেফাজতে ইসলামের ব্যানারে কঠিন কর্মসূচি দেওয়া হবে।’

 

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারীতে আল আমিন সংস্থার উদ্যোগে আয়োজিত তফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ সব কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *