হেফাজতের ব্যানারে ‘কঠিন’ কর্মসূচির হুঁশিয়ারি বাবুনগরীর

নজর২৪, চট্রগ্রাম- জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে বাদানুবাদের জেরে পুলিশের হাতে গ্রেপ্তারকৃত মাদ্রাসার ছাত্রদের মুক্তির দাবিতে প্রয়োজনে ‘কঠিন’ কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী।

 

জুনায়েদ বাবুনগরী বলেন, ‘ঢাকার বিক্ষোভ মিছিল থেকে গ্রেপ্তারকৃত মাদ্রাসা ছাত্রদের যদি ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি দেওয়া না হয়, তাহলে হেফাজতে ইসলামের ব্যানারে কঠিন কর্মসূচি দেওয়া হবে।’

 

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারীতে আল আমিন সংস্থার উদ্যোগে আয়োজিত তফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ সব কথা বলেন।

 

এর আগে জুমার নামাজের পর ঢাকার বায়তুল মোকাররম মসজিদ এলাকার মিছিল থেকে পুলিশ বেশ কয়েকজন মাদ্রাসাকে আটক করে। সেই প্রসঙ্গ টেনে কথা বলেন বাবুনগরী।

 

হেফাজতে ইসলামের আমীর বলেন, ‘হেফাজতে ইসলামের উদ্দেশ্য শান্তি প্রতিষ্ঠা করা। আমরা শান্তি চাই। কিন্তু ইসলামের ওপর আঘাত এলে, আলেম-ওলামাদের অসম্মান করা হলে, আমরা বসে থাকতে পারি না।’

 

এই মাহফিলে মাওলানা মামুনুল হকের বক্তব্য রাখার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি আসেননি। এই প্রসঙ্গে বাবু নগরী বলেন, ‘একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করায় মামুনুল হক নিজে থেকেই আসতে চাননি।’

 

তিনি বলেন, ‘মামুনুল হক একজন অভিজ্ঞ আলেম, শায়খুল হাদিস। তার মুখ দিয়ে কোরআন হাদিস বের হয়, তার মুখ দিয়ে বোখারী শরিফ বের হয়। তার ছবিতে যারা অপমান করেছেন, যারা আলেম-ওলামাদের অপমান করেছেন, তাদের ওপর আল্লাহর গজব নাজিল হবে।’

 

বাবুনগরী বলেন, “ভাস্কর্য- এটা শরিয়তসম্মত নয়। কোনো পার্টি বা নেতার নাম বলছি না, যার ভাস্কর্য হোক না কেন।

 

“আল্লাহর কসম, কেউ যদি আমার আব্বার ভাস্কর্য বসায়, আমি সর্বপ্রথম সেই ভাস্কর্য টেনে হিঁচড়ে ফেলে দেব। যে কোনো দল ভাস্কর্য বসাবে, আমার আব্বার ভাস্কর্যও যদি স্থাপন করা হয়, সেটা শরিয়ত সম্মত হবে না। টেনে হিঁচড়ে ফেলে দেব।”

 

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বাবুনগরী বলেন, “বঙ্গবন্ধুকে অন্তর থেকে ভালোবাসি। আপনার আব্বা বঙ্গবন্ধু শেখ মুজিব, আমরা উনাকে শ্রদ্ধা করি। এই বঙ্গবন্ধুকে কারা মেরেছে? কোনো মাদ্রাসার ছাত্র? কোনো আলেম ওলামা? না, না। এই বঙ্গবন্ধুকে মেরে ফেলেছে বঙ্গবন্ধুর মানুষরা।

 

“আপনাকে সতর্ক করছি। আপনার ঘাড়ে যেসব নাস্তিকরা বসে আছে, তারাই আপনার ক্ষতি করবে, তারাই আপনাকে মেরে ফেলবে। আমরা আপনার দুশমন নই। আমরা দেশের শান্তি শৃঙ্খলা চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *