নিজেকে পরিবর্তনের কারণ জানালেন চিত্রনায়িকা বুবলী

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে কয়েকটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়া ফেসবুকে। যেখানে একদমই ভিন্ন অবতারে ধরা দেন এ তারকা। সোনালি রঙের ছোট ছোট চুল, পরনে হলুদ রঙের পোশাক। আর এ সাজে আগে কখনো দেখা যায়নি এই নায়িকাকে।

অভিনেত্রী ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘নতুন লুক, “তুমি যেখানে আমি সেখানে” সিনেমা।’ অর্থাৎ, ‘তুমি যেখানে আমি সেখানে’ সিনেমায় তার এই লুক। আর সোশ্যালে ছবিগুলো পোস্ট করার পরই তা নজর কাড়ে নেটিজেনদের।

সিনেমাটি পরিচালনা করছেন দেবাশীস বিশ্বাস। ১৯৮৩ সালের সুপারহিট ছবি ‘নাগ পূর্ণিমা’র ‘তুমি যেখানে আমি সেখানে’ গানের নাম থেকে সিনেমাটির নাম নিয়েছেন বলে জানিয়েছেন নির্মাতা।

তিনি জানিয়েছেন, নতুন এই সিনেমাটি হাস্য-রসাত্মক। এই সিনেমার মাধ্যমে একটি ইতিবাচক বার্তা দিতে চেয়েছেন। দুঃখ-রোমান্স সব মিলিয়ে একটি প্যাকেজ হিসেবেও জানিয়েছেন দেবাশীস বিশ্বাস।

এদিকে নতুন এই সিনেমা ও ছড়িয়ে পড়া লুক নিয় বুবলী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এই সিনেমায় বেশ কয়েকটি লুকে আমাকে দেখা যাবে। অনেক প্রস্তুতি নিয়ে বিভিন্ন লুকে অভিনয় করছি। লুকগুলোও দর্শকদের ভালো লাগবে।’

দর্শকদের উদ্দেশে বুবলি বলেন, ‘দর্শকরা নানারকম গল্পের সিনেমা দেখতে পছন্দ করেন। এটি অন্যতম সেরা একটি কমেডি সিনেমা হতে যাচ্ছে। সত্যি কথা বলতে এমন সিনেমায় কাজ করা অনেক কঠিন।’

তিনি আরও বলেন, ‘মানুষকে হাসানো সবচেয়ে কঠিন কাজ। তারপরও আমার দিক থেকে চেষ্টা করছি যতটুকু ভালো অভিনয় করা যায় তা করার।’

এক প্রশ্নের জবাবে বুবলি বলেন, ‘বিনোদনের বড় মাধ্যম চলচ্চিত্র। দর্শকরা প্রেক্ষাগৃহে গিয়ে হাসতে চায়, কাঁদতে চায়। বিনোদনের সবকিছু আছে এই সিনেমায়, ইমোশনও আছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *