তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে শুটিং ইউনিটের লোকজন ও সহ-শিল্পীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগ নিয়ে এই অভিনেত্রী বলেছেন, ‘নির্মাতা আর আরশ খান চক্রান্ত করে এটা ছড়াচ্ছে। কারণ আরশ আমার খুব ভালো বন্ধু ছিল। একটা সময় বন্ধুর চেয়ে বেশি কিছু হতে চায়। সে কারণে দূরত্ব বাড়ে। সেই রাগ আর ক্ষোভ থেকে তিনিও এটা ছড়াচ্ছেন।’
তার এমন মন্তব্যের রেশ ধরে অভিনেতা আরশ খান বলেন, ‘চমক এমন কথা বলার কারণ হচ্ছে আমি তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছি। আর বন্ধুত্বের চেয়ে বেশি কিছু কি চাইবো তার কাছে!
তিনি বলেন, মজার কথা হচ্ছে, প্রথম দিন শুটিং শেষ হওয়ার পরে চমক নিজে আমাকে বাসায় ড্রপ করে যায়। একটা মানুষের সাথে যদি আমার ওরকম কোন সমস্যা থাকে তাহলে কি সে আমাকে বাসায় ড্রপ করে যেত? শুটিং সেটে সেদিনের ঘটনার পরে চমক কি এখন আমাকে আর ড্রপ করবে বাসায়? আমিও করবো না। আসলে ঝামেলার আগ মুহূর্ত পর্যন্ত সব ঠিকই ছিল। ঝামেলার পরে যখনই আমি সাক্ষী দিলাম মাসুম বাশারের পক্ষে তখনই ঝামেলাটা শুরু হয়ে গেল।
এই অভিনেতা আরও বলেন, ‘আমরা আসলেই খুব ভালো বন্ধু ছিলাম। আমার জন্মদিনে সে এসেছিল, আমিও তার বাসায় বেশ কয়েকবার গিয়েছি কয়েকটা প্রোগ্রামে। তার আরো অনেক বন্ধুরাও সেদিন ছিল।’
জানা গেছে, গত শুক্রবার (৪ আগস্ট) নির্মাতা আদিব হাসানের ‘শ্বশুর বাড়িতে প্রথম দিন’ নাটকের শুটিং সেটে রাজধানী উত্তরার আনন্দবাড়ি শুটিং হাউজে অভিনেত্রী চমকের কলটাইম ছিল সকাল ১০টায়। জানা যায়, তিনি হাজির হন সকাল সাড়ে ১১টায়। এরপর থেকে কারণে-অকারণে দুর্ব্যবহার শুরু করেন। প্রশংসা করলেও খেপে যেতে থাকেন।
প্রত্যক্ষদর্শীর তথ্য অনুযায়ী, প্রথম দৃশ্য শেষ হওয়ার পর প্রোডাকশন ম্যানেজার চমককে বলেন, ‘আপা, শটটা খুব সুন্দর হয়েছে’। আর তাতে যেন আরও মেজাজ হারান চমক। এরপর নাটকের পরিচালক আদিব হাসান তাকে বলেন, ‘আপনি যেভাবে রিঅ্যাক্ট করছেন; এ রকম কোনও ঘটনাই এখানে ঘটেনি। আপনি কেন তাদের ধমকাচ্ছেন?’
এতে চমক শুটিং করবেন না বলে সাফ জানিয়ে দেন। এ সময় নির্মাতার সঙ্গে ছিলেন সিনিয়র অভিনয়শিল্পী মাসুম বাশারও। ঘটনার একপর্যায়ে পুলিশে খবর দেন অভিনেত্রী। পুলিশ অভিনেতা মাসুম বাশারের সঙ্গে কথা বলে চলে যায়। এ নিয়ে মাসুম বাশারের সঙ্গেও কথা-কাটাকাটি হয় চমকের। দ্বিতীয় দফায় পুলিশ এলে চমক কান্নাকাটি করে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ জানান। মাসুম বাশারসহ সেটের অনেকে এটা করেছে বলে তিনি দাবি করেন। পরিস্থিতি জটিল আকার ধারণ করলে তা সামাল দিতে সেখানে হাজির হন অভিনয়শিল্পী সংঘের যুগ্মসাধারণ সম্পাদক নাজনীন হাসান চুমকি। তিনি সবার সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন। ততক্ষণে বন্ধ হয়ে যায় নাটকের শুটিংও।
