রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে টাঙ্গাইলের মধুপুর উপজেলা বিএনপির সভাপতিসহ দলের অঙ্গসংগঠনের চারজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৬ জুলাই) দিবাগত রাতে তাদের জেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- টাঙ্গাইলের মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, ঘাটাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন, ধনবাড়ী উপজেলা যুবদলের সদস্য সিদ্দিকুর রহমান ও মুসুদ্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, কালিহাতী উপজেলার বিএনপির সদস্য সোনা মিয়া এবং নাগরপুরের মোকনা ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল অভিযোগ করে জানান, ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে জেলার বিভিন্নস্থানে এবং বাড়ি বাড়ি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় মধুপুর উপজেলা বিএনপির সভাপতিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। মহাসমাবেশ বানচাল করার জন্য পুলিশ নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালিয়েছে- সমাবেশে যাতে কেউ যোগ দিতে না পারে। এরপরও জেলা থেকে প্রায় ১০ হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দেওয়ার জন্য ঢাকায় গেছেন। এছাড়া আরও ২০ হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে- তারা যাতে সমাবেশে যেতে না পারে এজন্য অভিযান চালাচ্ছে। সড়ক ও মহাসড়কে চেকপোস্ট বসিয়ে পুলিশ তল্লাশি চালাচ্ছে।
টাঙ্গাইল কোর্ট পুলিশ পরিদর্শক তানভীর আহমেদ জানান, মো. জাকির হোসেনের বিরুদ্ধে ২০২২ সালের একটি নাশকতার মামলায় গ্রেপ্তার করে পুলিশ আদালতে পাঠায়। পরে মধুপুর-গোপালপুর আমলি আদালতের বিচারক বাদল কুমার চন্দ অভিযুক্ত জাকির হোসেনকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) লোকমান হোসেন জানান, কালিহাতী থানার একটি মামলায় ছাত্রদল নেতা নাসির উদ্দিনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এসএইচ
