Home ফিচার মন গলেছে প্রধানমন্ত্রীর, ফের আ’লীগে ফিরছেন জাহাঙ্গীর আলম

মন গলেছে প্রধানমন্ত্রীর, ফের আ’লীগে ফিরছেন জাহাঙ্গীর আলম

0
259

নানা জল্পনা কল্পনার পর অবশেষে আবারও আওয়ামী লীগে ফিরছেন গাজীপুর সিটি করপোরেশন থেকে বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলম।

আজ সোমবার (১৭ জুলাই) প্রধানমন্ত্রী কার্যালয়ের উচ্চা পর্যায়ের এক সূত্র দেশের একটি জাতীয় দৈনিককে বিষয়টি জানিয়েছে।

সূত্র জানায়, সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কৃত জাহাঙ্গীর আলম ও তার মা গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুন। তারা দুপুর ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত সোয়া দুই ঘণ্টা প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবস্থান করেন। এসময় শেখ হাসিনার সঙ্গে তারা কথা বলেন। প্রধানমন্ত্রীর কাছে গাজীপুরের মেয়র জায়েদা খাতুন তার পুত্র জাহাঙ্গীর আলমকে কাজ করার সুযোগ দিতে অনুরোধ করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক পর্যায়ে জাহাঙ্গীর আলমকে কাজ করতে দেওয়ার ব্যাপারে সম্মতি দেন।

পাশাপাশি জাহাঙ্গীর আলম ভবিষ্যতে যেন এমন কোনো কর্মকাণ্ড না করেন যা দলের জন্য ক্ষতিকর হয় সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, ‘এবার তাকে কাজ করার সুযোগ দিলাম। ভবিষ্যতে কিন্তু আর কোনো সুযোগ দেওয়া হবে না’।

এসময় জায়েদা খাতুনও বলেন, ‘নেত্রী জাহাঙ্গীর আলম আর এমন কোনো কাজ করবে না, যাতে দলকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়’।

পরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জাহাঙ্গীরকে দলে ফিরিয়ে আনতে দলীয় সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নির্দেশ দেন। খুব শিগগিরই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গঠনতন্ত্র অনুযায়ী দলের সিদ্ধান্তের কথা জাহাঙ্গীর আলমকে জানিয়ে চিঠি দেবেন বলে সূত্র জানায়।

এ প্রসঙ্গে জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‍‘হ্যা, আমি ও আমার মা জায়েদা খাতুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছি। দুপুর ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা ছিলাম। নেত্রীর সঙ্গে আমরা কথা বলেছি’। এর বাইরে তিনি আর কোনো কথা বলতে রাজি হননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here