নায়ক সালমান শাহর নামে গাজীপুর সিটিতে বাসস্ট্যান্ড

বিনোদন ডেস্ক- সোহানুর রহমান সোহানের হাত ধরে ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মাধ্যমে ১৯৯২ সালে চলচ্চিত্র জগতে পদার্পণ সালমান শাহর। প্রথম ছবিতেই জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হন। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বাংলাদেশের চলচ্চিত্রে নব্বই দশকের অন্যতম শ্রেষ্ঠ ও সুদর্শন নায়ক ছিলেন তিনি। মাত্র চার বছরের চলচ্চিত্র জীবনে ছুঁয়ে গেছেন জনপ্রিয়তার সবটুকু আকাশ।

 

তিনি জীবনের ওপারে চলে গেছেন ২৪ বছর হয়। কিন্তু তাকে নিয়ে ভক্তদের আবেগ, ভালোবাসা ও পাগলামি কমেনি একচুল। এখনো ভক্তরা কেক কেটে তার জন্মদিন পালন করেন। মৃত্যুবার্ষিকীতে আয়োজন করেন মিলাদ মাহফিল। যেখানে যখন সালমানকে নিয়ে কোনো আয়োজন থাকে, ছুটে আসেন। এভাবেই যুগের পর যুগ অমর হয়ে রয়ে গেছেন তিনি।

 

এসবের ভিড়ে পাওয়া গেল দারুণ এক খবর। প্রিয় নায়ক সালমান শাহের নামে একটি বাস স্টেশনের নামকরণ করেছেন এক ভক্ত। গাজীপুরের কাশিমপুর থানাধীন ৫নং ওয়ার্ডের সুরাবাড়িতে প্রতিষ্ঠিত এই স্টেশনের নাম দেয়া হয়েছে ‘মহানায়ক সালমান শাহ স্টেশন’।

 

সুরাবাড়ি এলাকার দেওয়ান মো. মাসুদ নামে এক ভক্ত নায়ক সালমান শাহকে ভালোবেসে ওই বাসস্টপের নামকরণ করেন। এখানে একটি ডিজিটাল সাইনবোর্ড লাগিয়েছেন। এতে লেখা রয়েছে ‘মহানায়ক সালমান শাহ স্টেশন’।

 

কাশিমপুর-আশুলিয়া আঞ্চলিক সড়কে এ বাসস্টপটি করা হয়েছে। এ সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে শত শত ইজিবাইক, রিকশা-ভ্যান ও বাসসহ বিভিন্ন যানবাহন। কাশিমপুর শিল্প এলাকা হওয়ায় এখানে হাজার হাজার মানুষের বসবাস। সালমান শাহ বাসস্টপে প্রতিদিন অনেক যাত্রী ওঠানামা করছে।

 

সালমান শাহ ভক্ত দেওয়ান মো. মাসুদ বলেন, ‘আমি একজন সালমান ভক্ত। আমার কাছে কেয়ামত সে কেয়ামত তাকের আমির খানের চেয়ে সালমানের অভিনয় অনেক বেশি ভালও মনে হয়েছে। এই ছবি আমি তিনবার দেখেছি। প্রতিবার মুগ্ধ হয়েছি। আমি সালমানের স্টাইল নয় অভিনয়ের প্রতি মুগ্ধ হই। কিন্তু সালমানের মৃত্যুর খবর আমাকে বিমর্ষ করে দেয়। আমি সালমানকে মনে করার চেষ্টা করি। এর আগে সালমান শাহ স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট করেছি, সালমান শাহ স্মৃতি ভলিবল টুর্নামেন্ট করেছি, সালমান শাহ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টও করেছি। সালমান আমার হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন।’

 

সালমান শাহ নামকরণের কারণ হিসেবে তিনি বলেন, বাসস্টপের নাম ছিল জারা গেট। ওই নাম বলেই সবাই চিনতো। পরে এটির নাম নামকরণ করা হয় নাভানা গেট। পরে সালমান শাহ স্টেশন নামে আমি এ বাসস্টপের নামকরণ করি। এতে যাত্রীরা নির্দিষ্ট স্থানে ওঠা-নামা করতে পারে। এখানে এলে নায়ক সালমান শাহকে সবাই স্মরণ করবে।

 

স্থানীয় কাউন্সিলর মো. দবির উদ্দিন বলেন, সুরাবাড়ি এলাকায় ওই স্থানের নাম ছিল জারা গেট পরে তা নাভানা গেট নামে পরিচিত হয়। একপর্যায়ে মাসুদ দেওয়ার নামে এক যুবক সেখানে সালমান শাহ স্টেশন নাম দিয়ে একটি ডিজিটাল সাইনবোর্ড লাগিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *