ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ফরিদুল হক

নজর২৪, ঢাকা- প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভায় ঠাঁই পেলেন জামালপুর-২ আসনের (ইসলামপুর) সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বঙ্গভবনে মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় তাকে শপথ পাঠ করান।

 

শপথ গ্রহণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ উপস্থিত ছিলেন।

 

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

 

গত ১৩ জুন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃ’ত্যুবরণ করেন। পরে কোভিড-১৯ পরীক্ষায় তার ফলাফল পজেটিভ আসে।

 

নিয়মানুযায়ী কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী বা দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী না থাকলে সেই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব চলে যায় প্রধানমন্ত্রীর কাছে। সেই থেকে ধর্ম মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর অধীনে ছিল। ৫ মাস পর নতুন প্রতিমন্ত্রী পেলো ধর্ম মন্ত্রণালয়।

 

ফরিদুল হক খান দুলাল আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর-২ আসন (ইসলামপুর) থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্য। তিনি ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *