লন্ডনে কাজের ব্যাপারে কথা হয়েছে: সামিরা মাহি

চরিত্রকে জীবন্ত করে তুলতে সামিরা খান মাহির বিকল্প নেই। এক লহমায় দর্শক বন্দি হন তার সৌন্দর্য ও অভিনয় নৈপুণ্যের মায়াজালে। তার অভিনীত নাটকগুলো দেখতে ইউটিউবে দর্শক ভিড় জমান মৌমাছির মতো। এবার মাহির সামনে সুবর্ণ এক সুযোগ। লন্ডনে কাজ করবেন তিনি। এ খবর সংবাদমাধ্যমকে মাহি নিজেই জানিয়েছেন।

ঈদের পর লন্ডনে ঘুরতে গিয়েছিলেন মাহি। সেখানে তার ভাই থাকেন। ভাইয়ের সঙ্গে ঘুরে দেখেছেন লন্ডন শহর। সেইসঙ্গে কাজের কাজও করেছেন। বিবিসির অফিসে গিয়েছিলেন তিনি। সেখানে দিয়েছেন সাক্ষাৎকার।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘লন্ডন গিয়েছিলাম বেড়াতে। সেখানে আমার ভাই থাকে। তার সঙ্গে ঘুরে বেড়িয়েছি। বিবিসিতে গিয়েছিলাম। সেখানে ইন্টারভিউ দিয়েছি। এটা ছিল স্বপ্ন পূরণের মতো। ছোটবেলা থেকেই বিবিসির নাম শুনে বড় হয়েছি। সেখানে গিয়ে ইন্টারভিউ দেওয়া আমার জন্য অনেক গর্বের। এ ছাড়া লন্ডনের কিছু কাজের ব্যাপারেও কথা হয়েছে। আবার যেতে হবে সেখানে। কাজের পরিকল্পনা চূড়ান্ত হলেই সবাইকে জানাব।’

লন্ডন থেকেই ফিরেই কাজে ব্যস্ত হয়ে পড়েছেন মাহি। এমনটা উল্লেখ করে আরও বলেন, ‘দেশে ফিরেই শুটিং শুরু করেছি। দুই ঈদে অনেক নাটক নির্মাণ হয়। সবাইকে টানা কাজ করতে হয়। ঈদের পর লন্ডন যাওয়ার কারণে বেশ কিছু দিন শুটিং করতে পারিনি। ঈদেরও বেশি সময় বাকি নেই, তাই বিরতিহীনভাবে ঈদের আগের দিন পর্যন্ত শিডিউল দিয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *