মির্জাপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ মে) বেলা ১১টার সময় পৌরসদরের নতুন বাইপাস এলাকায় এ শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. রউফ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৭ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।

প্রধান অতিথি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের অধীনে কোন নির্বাচন নয়। বিএনপি বর্তমানে অনেক শক্তিশালী দল। আজকের এই শোককে শক্তিতে পরিণত করে রাজপথে থাকবো। দরকার হয় গ্রেপ্তার হব, জেলে যাবো। তিনিও আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ইতিহাস সম্পর্কে জানতে হবে। বিএনপির ডাকে বাংলার মানুষ যেভাবে সারা দিয়েছে এই ডাকে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন হবে।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, সহ-সভাপতি জুলহাস মিয়া, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম মহসীন, সহ-সভাপতি কাউন্সিলর আলী আজম সিদ্দিকী, জামুর্কী ইউপি চেয়ারম্যান ডি.এ মতিন, তরফপুর ইউপি চেয়ারম্যান আজিজ রেজা, উপজেলা যুবদল সভাপতি গোলাম মোস্তফা জীবন, বহুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *