চিত্রনায়ক শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে সোমবার (২৯ মে) দিবাগত রাত দেড়টার দিকে কয়েকটি ছবি ও ভিডিও ফাঁস হয়। ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালকে দেখা গেছে। এ ঘটনায় অভিনেত্রী সুনেরাহ অবশ্য নাম উল্লেখ না করে দোষারোপ করেছেন চিত্রনায়িকা পরীমণিকে। এবার এ বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বললেন পরীমণি।
তিনি বলেন, ‘ওই মেয়েকে (সুনেরাহ) আমি চিনিই না। ওর সঙ্গে আমার কখনো কথাই হয়নি। তাহলে কেন ও আমাকে নিয়ে আজেবাজে মন্তব্য করছে। রাজের ফেসবুক থেকে প্রকাশিত ভিডিওগুলোতে অনেকেই দেখেছেন। ওখানে ওর মুখের ভাষা কেমন ছিল। আর ওরা কি স্বাভাবিক ছিল। এটা কোন ধরণের বন্ধুত্ব? রাজের ফেসবুক হ্যাক হয়নি। এটি করেছে ওই মেয়েই! কারণ রাজ ঘুমালে তার কোন হুশ থাকে না।’
পরী আরও বলেন, ‘আমরা সংসার জীবন নিয়ে বেশ ভালোই ছিলাম। কিন্তু এটি অনেকের ভালো লাগছে না। তাই আমার সংসারের পেছনে লেগেছে তারা। তার কথা ও মাতলামি দেখেছেন? এবার বুঝেন। মানুষ মনে করে, দেশের সব মদ আমিই খাই! বাকিরা সবাই ধোয়া তুলসী পাতা। ওই মেয়ে হুমকি দিয়েছে, আইনের ভয় দেখিয়েছে- আইন কি শুধু তার জন্যই। আমিও তাকে দেখে নেব, ধৈর্যের একটা সীমা আছে! আমার মনে হয় ও (সুনেরাহ) আমার সংসারটা ভাঙার চেষ্টা করছে।’
শোবিজে গুঞ্জন আছে, আপনাদের সংসার জীবন ভালো যাচ্ছে না। বিষয়টি কি সত্যি? উত্তরে পরী বলেন, ‘এসব আজাইরা কথা মানুষ কই পায়। আমরা ভালো আছি, সুখেই আছি। আমি অভিনয় আর সংসার জীবন নিয়ে ভালো আছি- এটা কারো পছন্দ হচ্ছে না। তাই এসব কথা ছড়াচ্ছে। গেল ক’দিন ধরে ছবির প্রচারণার কারণে দম ফেলার সময় পাচ্ছি না। এর মধ্যে আবার উটকো ঝামেলা। আমাকে খেপালে এর পরিণাম ভালো হবে না!’
রাজ নাকি বাসায় ঠিকমত ফেরে না আর আপনিও নাকি নিজ বাসায় থাকেন? এমন প্রশ্নের জবাবে বিশ্বসুন্দরী’খ্যাত এই চিত্রনায়িকা বলেন, ‘এটা তো রাজের পুরোনো স্বভাব। আর আমি দুই বাসাতেই থাকি। এখন নিজ বাসায় আছি। আর আমাদের সংসার যদি ভেঙে যায়, তাহলে এর পেছনে দায়ী হবে ওই মেয়ে। আমি এর শেষটা দেখে নিতে চাই।’
