দুই বাংলার সিনেমার নিয়মিত মুখ নুসরাত ফারিয়া। ঢাকা, কলকাতায় সমানতালে অভিনয় করে যাচ্ছেন এই অভিনত্রী।
সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৫ মে) পশ্চিমবঙ্গে মুক্তি পেল ফারিয়ার নতুন সিনেমা ‘আবার বিবাহ অভিযান’।
বর্তমানে ফারিয়া অবস্থান করছেন কলকাতায়। একদিকে সিনেমা মুক্তি, অন্যদিকে সেখানকার আরো একটি সিনেমায় যুক্ত হলেন তিনি।
বুধবার (২৪ মে) আনুষ্ঠানিক মহরত হলেও সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি। ছবিটিতে নুসরাতের সঙ্গে জুটি বাঁধবেন কলকাতার টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ সোমরাজ মাইতি।
ছবিটি পরিচালনা করবেন কোরিওগ্রাফার বাবা যাদব। এই নির্মাতার পরিচালনায় এটি নুসরাত ফারিয়ার তৃতীয় কাজ। এর আগে ‘বাদশা দ্য ডন’, ‘বস ২’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা।
নতুন ছবি প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘বাবা যাদবের সঙ্গে আগেও কাজ করেছি। তার সঙ্গে আমার বোঝাপড়াটা ভালো। আশা করি এই কাজটি বরাবরের মতো সাকসেস হবে। আগস্ট মাসে ছবির শুটিং শুরু হবে।’
সোমরাজ বলেন, ‘এটা ছবিটির আদ্যোপান্ত রোম্যান্টিক এবং অ্যাকশনে ভরপুর। মূলত বিদেশেই শুটিং হওয়ার পরিকল্পনা। ছবির নাম এখনো ঠিক হয়নি।’
উল্লেখ্য, সৌমিক হালদারের পরিচালনায় ‘আবার বিবাহ অভিযান’ ছবিতে ‘রাই’ চরিত্রে দেখা যাবে নুসরাত ফারিয়াকে। এতে তার বিপরীতে ‘অনুপম’ চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা। ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার, সৌরভ দাস প্রমুখ।
