এমপি টিটু’র আমলনামার হিসাব চায় নাগরপুর উপজেলা আ.লীগ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গত ৪ বছরে কি নাগরপুর-দেলদুয়ার আসনে কি উন্নয়ন করেছে এবং দলকে শক্তিশালী করতে কি ভূমিকা রেখেছে, সেই আমলনামা যাচাই করার অধিকার আছে এবং জনগণের কাছে জবাবদিহি করতে হবে বলে সম্প্রতি বক্তব্য রেখেছেন নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কুদরত আলী।

শনিবার (১৩ মে) মোকনা ইউনিয়ন আ.লীগ কার্যালয়ে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভার অনুষ্ঠানে এ বক্তব্য প্রদান করেন তিনি। ইউনিয়ন তৃণমূল আ.লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রয়াত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবদুল বাতেন এর পরে নাগরপুরের উন্নয়ন থমকে গিয়েছে। বর্তমান সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু গত ২০১৮ নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়ে আমাদের আমলনামা দেখতে চেয়েছিলো। সেই আমলনামা আমরা নিজ ভোট কেন্দ্রে তাকে প্রথম করার মাধ্যমে দেখিয়ে ছিলাম। এখন এমপি টিটু’র আমলনামা যাচাই করা আমাদের অধিকার। তিনি কি কি উন্নয়ন তার সময়ে করেছেন সেই জবাব জননেত্রী শেখ হাসিনা ও জনগণের কাছে দিতে হবে। আমরা আপনার আমলনামার জবাব চাই। আপনি শুধু বড় বড় গল্প করেন, মহাসড়ক বানাচ্ছেন, নাগরপুর শিল্প নগরী বানাবেন। নাগরপুরের সন্তান ছাড়া নাগরপুরের উন্নয়ন সম্ভব না। এমপি টিটু কে আমরা নাগরপুরের সন্তান মনে করি না। মনে করলে নাগরপুরের উন্নয়ন হইতো। এছাড়াও গত উপজেলা চেয়ারম্যান নির্বাচনে নৌকা প্রতীকের পরাজয়ের জন্য এমপি টিটু কে দায়ী করেন তিনি।

এছাড়াও গত শুক্রবার (১২ মে) মামুদনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন তার বক্তব্যে বলেন, আমাদের দুঃসময়ে যারা পাশে থাকে যেমন সাবেক ছাত্রনেতা কেন্দ্রীয় আ.লীগ যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটি’র সদস্য তারেক শামস খান হিমু অথবা উপজেলা আ.লীগ সভাপতি মো: জাকিরুল ইসলাম উইলিয়াম ভাইকে আগামীতে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই।

উল্লেখ্য, মোকনা ইউনিয়ন আ.লীগ সভাপতি আবু তালেব মিয়া’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আ.লীগ সভাপতি মো: জাকিরুল ইসলাম উইলিয়াম ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রেখেছেন সাধারণ সম্পাদক ও নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কুদরত আলী। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, মোকনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক বি এম এম জহিরুল আমিন, সাংস্কৃতিক সম্পাদক দেলদার আহমেদ সুবন সহ মোকনা ইউনিয়ন আ.লীগ এর সর্বস্তরের তৃণমূল নেতাকর্মী বৃন্দরা। সর্বশেষ উপজেলা ও ইউনিয়ন আ.লীগ নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে স্পষ্ট ভাবে জোরালো দাবী করেন তারেক শামস খান হিমু অথবা মো. জাকিরুল ইসলাম উইলিয়াম কে নৌকা প্রতীকে নমিনেশন দেওয়া হোক।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *