এবার প্রকাশ্যেই আদনানের সঙ্গে কেক কাটলেন মেহজাবীন

টেবিলে সাজানো একাধিক কেক। টেবিলটি ঘিরে দাঁড়িয়ে আছেন ছোট পর্দার একঝাঁক তারকা। হাস্যোজ্জ্বল মুখে কেক কাটছেন নির্মাতা আদনান আল রাজিব। তার পাশে দাঁড়ানো জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তাদের পেছনে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন তৌসিফ মাহবুব, সাবিলা নূর, নীল হুরেজাহান, তাসনিয়া ফারিণসহ অনেক। সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ানো একটি ছবিতে এমন দৃশ্য দেখা যায়।

বৃহস্পতিবার (১১ মে) পরিচালক আদনান আল রাজিবের জন্মদিন ছিল। এ উপলক্ষে নৌ ভ্রমণের আয়োজন করা হয়। তাতে যোগ দিয়েছিলেন শোবিজ অঙ্গনের তারকা অভিনয়শিল্পী ও নির্মাতারা। এ ভ্রমণের এক ফাঁকে কেক কেটে জন্মদিন উদযাপন করেন আদনান আল রাজিব।

জন্মদিনের এ আয়োজনে যোগ দিয়েছিলেন গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, সঙ্গী হয়েছিলেন তার স্ত্রী অভিনেত্রী তিশা ও কন্যা। সাবিলা নূর হাজির হয়েছিলেন তার বরকে সঙ্গে নিয়ে। আলোচিত ওয়েব সিরিজ মহানগরের নির্মাতা আশফাক নিপুণ ছিলেন স্ত্রী এলিটা করিমকে নিয়ে।

তা ছাড়াও আরো বেশ কিছু স্থিরচিত্রে দেখা মিলেছে এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ, তৌসিফ মাহবুব, নির্মাতা রেদওয়ান রনি, সাবিলা নূর, নীল হুরেজাহানসহ অনেককে।

অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সঙ্গে সম্পর্কে রয়েছেন আদনান আল রাজিব। সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেছে। আদনান আল রাজিবের জন্মদিনেও তার ব্যতিক্রম নয়। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবি এ জুটিরে প্রেমের গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে।

এ ছবিতে দেখা যায়, ফ্রেমে বাঁধা আদনান আল রাজিব ও মেহজাবীনের একটি ছবি উপহার দিচ্ছেন তিশা। আর তা আনন্দের সঙ্গে গ্রহণ করছেন রাজিব-মেহজাবীন।

ছবিটি দেখে নেটিজেনরাও দুইয়ে দুইয়ে চার মেলাতে ভুল করেননি। একজন লিখেছেন— ‘এইটা জোশ, জোড়াশালিকের প্রতি রইলো অফুরন্ত ভালোবাসা!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *