নজর২৪, পটুয়াখালী- পটুয়াখালীর বাউফল উপজেলায় খালে মাছ ধরতে গিয়ে একটি অ্যাপাচি মোটরসাইকেল উদ্ধার করেছেন গ্রামবাসী। রোববার বিকালে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের ছত্রকান্দা গ্রামের বৈরাগী বাড়িসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিকালে ভাটার সময় ওই খালে মাছ ধরতে গিয়ে গ্রামবাসী একটি মোটরসাইকেল দেখতে পান। বিষয়টি নিয়ে গ্রামে হইচই পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অ্যাপাচি আরটিআর মডেলের লাল রঙের বাইকটি উদ্ধার করে।
বগা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সালাম বলেন, আদাবাড়িয়া ইউনিয়নের আতশখালী গ্রামের কাঞ্চন আলী প্যাদার ছেলে হান্নান প্যাদা উদ্ধারকৃত অ্যাপাচি মোটরসাইকেলটি নিজের বলে দাবি করেছেন। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে সেই বিষয়টি নিশ্চিত হওয়া প্রয়োজন।
বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, খালের পানি থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলটি বর্তমানে বগা তদন্ত কেন্দ্রে রয়েছে। কেউ যদি মোটরসাইকেল দাবি করে তবে যাচাই করে দেখা হবে।
এদিকে মোটরসাইকেলটি নিজের দাবি করে হান্নান বলেন, তিনি ঢাকায় থাকেন। বাইকটি দীর্ঘদিন বাড়িতে ছিল। বরিশালে সার্ভিসিং করার পর বাইক নিয়ে বাড়ি ফেরার পথে ফুয়েল শেষ হয়ে যায়। তিনি সেটি রাস্তার পাশে লক করে রেখে যান। ফুয়েল নিয়ে ফিরে এসে দেখেন তার বাইকটি নেই। পরে তিনি জানতে পারেন খাল থেকে পুলিশ একটি বাইক উদ্ধার করেছে।
