চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটি। এ বিষয়ে মুখ খুলেছেন অভিনেতা। জানান- সিনিয়র অভিনেতা ডিপজল চিকিৎসা শেষে দেশে ফিরলেই এ নিয়ে সংবাদ সম্মেলন করবেন তিনি। ডিপজল বর্তমানে চিকিৎসার জন্য দেশের বাইরে রয়েছেন।
জায়েদ খানের সদস্যপদ স্থগিতের বিষয়টি গতকাল রোববার বিকেলে সমিতির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাইমন সাদিক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সমিতির গঠনতন্ত্রের ৭ (ক) ধারার আলোকে জায়েদ খানের সদস্যপদ স্থগিত করা হয়েছে। একই বৈঠকে কার্যনির্বাহী পরিষদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় সুচরিতা ও রুবেলকে। কারণ, তারা পর পর তিনটি সভায় অনুপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সাইমন জানান, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অশালীন মন্তব্য করায় জায়েদ খানের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এই স্থগিতাদেশের সিদ্ধান্ত এখনই চূড়ান্ত নয় বলেও জানান এই অভিনেতা।
এ বিষয়ে জানতে চাইলে জায়েদ খান বলেন, ‘ডিপজল ভাই বর্তমানে চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন। উনি দেশে আসলে আমরা একসঙ্গে বসে পরবর্তী সিদ্ধান্ত নেব। নিজেদের মধ্যে আলোচনা শেষে সংবাদ সম্মেলন করে বিষয়টি সবাইকে জানাব।’
