ভারত-বাংলাদেশ সম্পর্ক ভাই ভাইয়ের মত বলে মন্তব্য করেছেনে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।
রোববার (২ এপ্রিল) সন্ধ্যায় দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে দিনাজপুর জেলা ব্যবসায়ী নেতৃবৃন্দের এক মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মতবিনিময় সভায় মনোজ কুমার বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ব্যবসায়িক পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দিনাজপুরের হিলি স্থলবন্দরের রাস্তাঘাটগুলো একটু কম চওড়া। এগুলো সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে। কিছুদিন আগে পার্বতীপুরে বাংলাদেশ-ভারত জ্বালানি তেলের পাইপ লাইন চালু করা হয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের ঘরের সম্পর্ক। আর এ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।
দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীমের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, অতিরিক্তি পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আব্দুল্লাহ আল মাসুম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল প্রমুখ।
এ সময় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন পাপ্পু, জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
