আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ভোট হবে ব্যালটে। আজ সোমবার নির্বাচন কমিশন (ইসি) এ কথা জানিয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে কমিশনের এক বৈঠক হয় আজ। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
সভা শেষে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ব্যালটে ভোট হবে।
এসময় আরও পাঁচটি সিটি করপোরেশনের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। এসব সিটি করপোরেশন হলো, গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা।
আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন, রাজশাহী ও সিলেটে ২১ জুন, খুলনা ও বরিশালে ১২ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে ইসি কর্মকর্তারা জানান, গত ১১ মার্চ থেকে গাজীপুর সিটি করপোরেশনে নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়েছে। অর্থাৎ গত ১১ মার্চ থেকে পরবর্তী ১৮০ দিনের মধ্যে এই সিটির ভোট করার বাধ্যবাধকতা রয়েছে ইসির। গাজীপুর সিটি করপোরেশনে সর্বশেষ ভোট হয় ২০১৮ সালের ২৭ জুন।
