গোপালপুরে জনতার হাতে ভুয়া সেনাসদস্য আটক

মো. নুর আলম গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে মো. খায়রুল ইসলাম নামের এক ভুয়া সেনা সদস্যকে আটক করেছেন স্থানীয় জনতা। পরে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার (১৬ মার্চ) উপজেলার মির্জাপুর ইউনিয়নের মোহনপুর বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত খায়রুল ইসলাম ভুঞাপুর উপজেলার বাহাদীপুর স্লুইসগেট এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

আটককালে তার কাছ থেকে সেনাবাহিনীর ভুয়া আইডি কার্ড, ৩টি আইডি কার্ডের কভার, বেশকিছু কাগজপত্র, সেনাবাহিনীর ছবি, সেনাবাহিনীর কাপড়ের ২টি মানিব্যাগ, ২টি গেঞ্জি এবং একটি মোবাইল ফোন পাওয়া যায়।

জানা যায়, তিন বছর আগে উপজেলার হাজরাবাড়ী গ্রামের বাছেদ মিয়ার ছেলে আল আমিন নামের এক যুবককে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ময়মনসিংহ নিয়ে কৌশলে মোবাইল নিয়ে চম্পট দেয়। আজ ১৬ মার্চ বিকেলে মোহনপুর বাজারে ঐ ভুয়া সেনা সদস্যের সাথে আল আমিনের সাথে দেখা হলে বাকবিতন্ডায় জড়ালে এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে স্থানীয় জনতা তাকে আটক করে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার সেনাবাহিনীর আইডি কার্ডের তথ্য যাচাই-বাছাই শেষে ভুয়া সেনাসদস্য হিসেবে প্রমাণ পাওয়ায় তাকে আটক করে।

মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম লাভলু মাষ্টার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত খায়রুল বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্নভাবে মানুষের সাথে প্রতারণা করে আসছিল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে থানা পুলিশের নিকট তাকে সোর্পদ করা হয়েছে।

এ ব্যাপারে গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন জানান, ভুয়া সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দেওয়ার অভিযোগে জনতার হাতে আটক হওয়া যুবককে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *