Home বিনোদন দুবাই গিয়েও দীঘি যে কারণে আরাভের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন না

দুবাই গিয়েও দীঘি যে কারণে আরাভের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন না

0
214

পুলিশ হত্যা মামলার আসামি আরাভ খানের জুয়েলার্সের আমন্ত্রণে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গেছেন তরুণ অভিনেত্রী দীঘি; তবে জুয়েলার্সের উদ্বোধনী আয়োজনে দেখা যায়নি তাঁকে।

স্থানীয় সময় গতকাল বুধবার রাত আটটায় আরাভ জুয়েলার্সে যান তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, উপস্থাপক দেবাশীষ বিশ্বাসসহ আরও অনেকে। মঞ্চে হিরো আলম গান পরিবেশন করেছেন; সঙ্গে ঢাকার কয়েকজন তরুণ শিল্পীকে দেখা গেছে মঞ্চে।

উদ্বোধনী আয়োজনে অংশ নিতেই দুবাইয়ে গেছেন দীঘি, কিন্তু সেখানে তাঁকে দেখা যায়নি কেন? এ প্রসঙ্গে দুবাই থেকে দীঘি গণমাধ্যমকে জানান, ‘সেখানে আমার কোনো পরিবেশনার কথা ছিল না, শুধুমাত্র যোগ দেওয়ার কথা ছিল। আমার বের হতে খানিকটা দেরি হয়েছিল, তার ওপর রাস্তায় অনেক জ্যাম ছিলো। অনুষ্ঠানস্থলে পৌঁছার পর দেখি, সেখানে প্রচণ্ড ভিড়। ভেতরে ঢোকাটাও কিছুটা ঝুঁকি ছিল। তাই আর সেখানে যোগ দিতে পারিনি। পরে শারজায় আরেকটি অনুষ্ঠানে গিয়েছি।’

শুক্রবার (১৭ মার্চ) দীঘির ঢাকায় ফেরার কথা রয়েছে।

এদিকে আরাভ জুয়েলার্সের জমকালো উদ্বোধনের খবর প্রকাশ্যে আসতেই জানা যায়, আরাভ নামের এই স্বর্ণ ব্যবসায়ী মূলত বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার আসামি রবিউল ইসলাম।

জানা গেছে, ২০১৮ সালের ৭ জুলাই রাজধানীর বনানীর একটি ফ্ল্যাটে খুন হন পরিদর্শক মামুন। তাকে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে ডেকে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর আরাভ খান ওরফে রবিউল ইসলাম ভারতে পালিয়ে যান। এই মামলায় ২০১৯ সালের ১১ এপ্রিল গোয়েন্দা পুলিশ রবিউলসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। পুলিশ হত্যার মামলায় রবিউলের ভাড়া করা এক ব্যক্তি আত্মসমর্পণ করে ৯ মাস জেল খেটে বের হন!

২০২০ সালে রবিউল ভারতীয় পাসপোর্ট পান। যাতে তার নাম বদলে লেখা হয় ‘আরাভ খান’। সেখান থেকে চলে যান দুবাই। ২০২১ সালের ৩১ অক্টোবর আরব আমিরাত সরকার তাকে রেসিডেন্ট পারমিট দেয়। রবিউল এখন সেখানেই আছেন, জুয়েলারি ব্যবসা করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here