শাবানা ১৯৯৭ সালেই অভিনয় থেকে অবসর নিয়েছেন এবং যুক্তরাষ্ট্র প্রবাসী হয়েছেন। এরপর আর অভিনয়ে ফেরেননি। তবে চলচ্চিত্র প্রযোজনার পরিকল্পনা করেছিলেন।
এর আগে শাবানা অনেকবারই গণমাধ্যমকে জানিয়েছিলেন, চলচ্চিত্রের কারণেই আজ তাঁর নাম, খ্যাতি, যশ হয়েছে। তাই অভিনয় থেকে বিদায় নিলেও চলচ্চিত্র প্রযোজনা করবেন। চলচ্চিত্রের প্রতি সেই শ্রদ্ধাবোধ থেকে এবারও চলচ্চিত্র প্রযোজনার উদ্যোগ নিয়েছিলেন শাবানা ও তাঁর স্বামী ওয়াহিদ সাদিক। কিন্তু এই সংবাদটি প্রকাশ হওয়ার পর থেকে অসংখ্য মানুষ শাবানার সঙ্গে যোগাযোগ করে এ ব্যাপারে তাঁদের মত জানাচ্ছেন।
এর মধ্যে অনেকেই শাবানাকে বলছেন তিনি যেহেতু দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে এবং ধর্ম-কর্ম ও সংসার নিয়ে ব্যস্ত আছেন, তাই চলচ্চিত্রে তাঁর আর না ফেরাই উচিত। শাবানা তাঁর ভক্ত-অনুরাগীদের মতামতকে সম্মান জানিয়ে ও নিজের ইচ্ছায় এবার চলচ্চিত্র থেকে অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।
চলতি মাসের ৭ তারিখেও স্বামী ওয়াহিদ সাদিকের মাধ্যমে অভিনেত্রী ও চলচ্চিত্র প্রযোজক শাবানা ঘোষণা দিয়েছিলেন তিনি আবার চলচ্চিত্র প্রযোজনায় আসছেন। কলকাতার সঙ্গে যৌথ আয়োজনে চলচ্চিত্রটি নির্মাণের পরিকল্পনা নিয়েও এগিয়ে যাচ্ছিলেন ওয়াহিদ সাদিক। কিন্তু হঠাৎ করেই চলচ্চিত্র থেকে নিজেকে একেবারে গুটিয়ে নেওয়া মানে চূড়ান্ত অবসরের ঘোষণা দিলেন কিংবদন্তি অভিনেত্রী নির্মাতা শাবানা।
ঢালিউডের এই বিউটি কুইন এখন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। ঢাকায় অবস্থানরত তাঁর স্বামী ওয়াহিদ সাদিকের মাধ্যমে সংবাদমাধ্যমকে তিনি জানান, নিজেকে চলচ্চিত্র প্রযোজনা থেকে একেবারেই গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শাবানা।
তিনি আরও জানিয়েছেন, তাঁর ও তাঁর স্বামীর চলচ্চিত্র প্রযোজনা সংস্থা এসএস [শাবানা-সাদিক] প্রোডাকশন আর খোলা হবে না এবং এই সংস্থা থেকে আর কোনো চলচ্চিত্রও নির্মাণ হবে না। বরং তাঁর স্বামী ওয়াহিদ সাদিকের নামে ডব্লিউএস [ওয়াহিদ সাদিক] প্রোডাকশন চালু করে তা থেকেই তাঁর স্বামী চলচ্চিত্র নির্মাণ করতে পারেন।
