মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট-১ আসনের সাবেক এমপির ভাই ও পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এম ওয়াজেদ আলীকে কুপিয়ে হত্যার ঘটনায় আলমগীর হোসেন আবদুল্লাহ (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (২৩ জানুয়ারি) সকালে পাটগ্রাম উপজেলার সাহেবডাংগা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আলমগীর হোসেন আবদুল্লাহ উপজেলার রসুলগঞ্জ নিউ পূর্বপাড়া এলাকার মৃত আবদুল মতিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২০ জানুয়ারি) রাতে পাটগ্রাম পৌরসভার নিউ পূর্বপাড়ায় নিজ বাসার গেটের সামনে দুর্বৃত্তের হামলার শিকার হন বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ এম ওয়াজেদ আলী। তিনি পাটগ্রাম পৌরসভার নিউ পূর্বপাড়া এলাকার বাসিন্দা এবং পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ।
এঘটনায় শনিবার (২১ জারুয়ারি) মধ্যরাতে নিহতের ছেলে রিফাত হাসান বাদী হয়ে একজনের নামসহ অজ্ঞাতদের বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা দায়ের করেন।
এব্যাপারে পাটগ্রাম থানা ওসি ওমর ফারুক বলেন, এ মামলার প্রধান আসামি নাহিদুজ্জামান বাবুর ঘনিষ্ঠ বন্ধু আলমগীর হোসেন আবদুল্লাহকে অধ্যক্ষ ওয়াজেদ আলীকে হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে আটক করা হয়েছে। তাকে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
