More
    Home আলোচিত ইমরানকে সঙ্গে নিলেন কলকাতার কৌশানি

    ইমরানকে সঙ্গে নিলেন কলকাতার কৌশানি

    0
    135

    দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান। ২০১৮ সালে ইমরানের গানচিত্রে মডেল হন কৌশানি। ‘ইশ্’ শীর্ষক গানের প্রশংসা করেছিল দর্শক-শ্রোতা। কাজের সুবাদে তখন ইমরান-কৌশানির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও গড়ে ওঠে। এরপর তাদের সম্পর্ক আর বাইরে তেমন একটা শোনা যায়নি। তবে বছর চারেক পর এসে এবার ইমরানকে সঙ্গে নিলেন টালিউড সুন্দরী কৌশানি মুখার্জি।

    নিজের প্রযোজিত প্রথম সিনেমায় ঢাকার ইমরানকে সঙ্গে নিলেন নায়িকা। খবরটি জানা গেল রোববার (২২ জানুয়ারি) ছবিটির ট্রেলার প্রকাশের পর। ছবির নাম ‘ডাল বাটি চুরমা’।

    এটি বিকে এন্টারটেইনমেন্টের প্রথম লগ্নিকৃত সিনেমা। প্রতিষ্ঠানটির কর্ণধার কৌশানি মুখার্জি ও তার প্রেমিক বনি সেনগুপ্ত। হরনাথ চক্রবর্তী পরিচালিত ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৭ ফেব্রুয়ারি।

    রোববার এর ট্রেলার প্রকাশের পর ইমরান জানান, তিনি এ সিনেমায় একটি গান গেয়েছেন। সে জন্য আনন্দ প্রকাশ করে বললেন, ‘প্রিয় কৌশানি ও বনি, তোমাদের জন্য গাইতে পেরে আনন্দিত আমি। তোমাদের নতুন এই ছবির জন্য অনেক শুভকামনা রইল।’

    ইমরান বলেন, গানটির কথা-সুর-সংগীত কলকাতার দোলন মৈনাকের। ঢাকা থেকে নিজের ভয়েস রেকর্ড করে পাঠিয়েছেন ইমরান। এরপর তা দোলনের স্টুডিওতে সেটার ঘষামাজা হয়েছে।

    তিনি বলেন, ‘গানটির জন্য কৌশানি আমার সঙ্গে যোগাযোগ করে। এরপর সংগীত পরিচালক দোলন মৈনাকের সঙ্গে আলাপ হয়। এভাবেই গানটি করা। যদিও স্যাড গান। তবে খুব সুন্দর হয়েছে। আমার যারা ভক্ত-শ্রোতা আছেন, তাদের ভালো লাগবে।’

    ট্রেলার সূত্রে আঁচ করা গেল, সিনেমাটিতে ইমরানের গাওয়া গানটির নাম ‘কেন যে অকারণ’। এটি সিনেমার বিরহী অংশে শোনা যাবে। ‘ডাল বাটি চুরমা’-এর গল্পটা আবর্তিত হয়েছে কলকাতার দুটি পরিবারকে ঘিরে। যার একটি বাঙালি, অন্যটি রাজস্থানি। তাদের মধ্যকার ঝগড়া আর বনি-কৌশানির প্রেমের উপাখ্যানে এগোবে দৃশ্যপট। ছবিতে আরও অভিনয় করেছেন রজতাভ দত্ত, খরাজ মুখার্জি প্রমুখ।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here