রাতের তাপমাত্রা নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস

সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (২২ জানুয়ারি) রাতে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

অধিদপ্তরে রক্ষিত সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার (২৩ জানুয়ারি) শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী আববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

নওগাঁ ও মৌলভীবাজার জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা পরিবর্তন হতে পারে। বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৩০.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে এবং সর্বনিম্ন ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। এছাড়া সারাদেশে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *