বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত ‘লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান’ এবং চঞ্চল চৌধুরী অভিনীত ‘কারাগার’- এই দুই ওয়েব সিরিজের দৌলতে ওপার বাংলাতেও এখন পরিচিত মুখ ফারিয়া।
টালিউড পরিচালক অতনু ঘোষ পরিচালিত ‘আরো এক পৃথিবী’তে অভিনয় করেছেন বাংলাদেশি এই অভিনেত্রী। ছবি মুক্তির আগে সম্প্রতি দক্ষিণ কলকাতার এক ক্যাফেতে আনন্দবাজার অনলাইনকে সাক্ষাতকার দিয়েছেন তাসনিয়া।
প্রথমেই কলকাতা যাওয়ার অনুভূতি জানান এই অভিনেত্রী। বলেন, আপনাদের শহরে আসতে ভালই লাগে। মনে হয় যেন নিজের দেশেই রয়েছি (হাসি)। যত দিন এগিয়ে আসছে মনের মধ্যে ভয় চেপে বসছে। কলকাতায় প্রথম ছবি। আগে তো কখনও ভাবিনি। তাই নিজেকে সৌভাগ্যবানও মনে হচ্ছে।
ছবিতে নিজের চরিত্র প্রসঙ্গে তাসনিয়া বলেন, লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান’ ওয়েব সিরিজে আমার অভিনয় দেখে অতনুদা আমার সঙ্গে যোগাযোগ করেন। প্রতীক্ষা (ছবিতে তাসনিয়ার চরিত্র)। ছোট থেকেই কঠিন পরিস্থিতিতে বড় হয়েছে। সময়ের অনেক আগেই পরিণত হতে হয় ওকে। খুবই অন্তর্মুখী চরিত্র। তাই সংলাপের তুলনায় আমাকে অভিব্যক্তির ওপর অনেক বেশি জোর দিতে হয়েছিল।
টালিউডের পছন্দের অভিনেতা বা অভিনেত্রী সম্পর্কে এই অভিনেত্রী বলেন, প্রসেনজিৎ, ঋতুপর্ণার ছবি দেখেছি। ঋত্বিক চক্রবর্তীর অভিনয় খুব পছন্দ। তবে উত্তমকুমার এবং সুচিত্রা সেনের জুটিটা আমার খুব পছন্দের। তাদের প্রায় সব ছবিই দেখেছি।
‘কারাগার’-এর পর টালিউড থেকে ছবির প্রস্তাব আসছে জানিয়ে তাসনিয়া বলেন, কিছু প্রস্তাব এসেছে। কিন্তু এখনো পছন্দ হয়নি। তা ছাড়া আমি সংখ্যার তুলনায় কাজের গুণগত মানের প্রতি বেশি সচেতন। মনের কথা শুনে চলি। এ রকমও হয়েছে যে, চিত্রনাট্যের শুধুমাত্র একটা লাইন পড়েই কাজে সম্মতি দিয়েছি।
