সাকিব-তামিমের বেতন বাড়লেও কমেছে মুশফিকের

সব ফরম্যাটে মোট ৩৯৮টি ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। তবে মুশফিকুর রহিমের সংখ্যাটা ছাড়িয়ে গেছে সাকিবকেও। তিনি খেলেছেন মোট ৪২৫টি ম্যাচ। ১৭ বছর ধরে দেশের হয়ে সর্বোচ্চ এই ম্যাচ খেলার কারণেই মুশফিকুর রহিম ‘এ’ প্লাস ক্যাটাগরিতে থেকে সবার চেয়ে বেশি বেতন তুলতেন বিসিবি থেকে।

তবে শনিবার (২১ জানুয়ারি) বিসিবি প্রকাশিত নতুন চুক্তিতে মুশফিকুর রহিমকে টি-২০ ফরম্যাটে রাখা হয়নি। আর এ কারণেই এবার তাকে টপকে সর্বোচ্চ বেতন তুলবেন সাকিব আল হাসান।

তিন ফরম্যাটের চুক্তিতেই শুধু নয়, দুই ফরম্যাটের অধিনায়কও এখন সাকিব। বিসিবির নিয়ম অনুযায়ী, অধিনায়ক হিসেবে সাকিব ও তামিম দু’জনই ৪০ হাজার টাকা করে মাসিক ভাতা পাবেন। তাই সব মিলিয়ে সাকিবের বেতন এখন মাসে প্রায় ৮ লাখ ৮০ হাজার টাকা।

বিসিবি সূত্রের খবর, সাকিবের পরই সর্বোচ্চ বেতন তামিম এবং মুশফিকের। তারা দু’জনই টেস্ট এবং ওয়ানডেতে রয়েছেন। ওয়ানডে অধিনায়ক তামিমের বেতন হবে প্রায় ৭ লাখ টাকা আর মুশফিকের হবে প্রায় ৬ লাখ ৫০ হাজার টাকা।

জানা গেছে, গত বছরের কেন্দ্রীয় চুক্তি শেষ হয়েছে ডিসেম্বরেই। ফলে শনিবার (২১ জানুয়ারি) ২০২৩ সালের জন্য ২১ জনের নতুন তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নতুন তালিকায় সাকিবসহ মাত্র চারজন ক্রিকেটার তিন ফরম্যাটে জায়গা পেয়েছেন। লিটন কুমার এবং তাসকিনরা ছিলেন গত বছরের চুক্তিতেও, তবে নতুন করে এবার সেই তালিকায় যুক্ত হলেন মেহেদী হাসান মিরাজ।

এছাড়া দুই ফর্মেটে জায়গা পেয়েছেন সাত জন ক্রিকেটার। বাকি ১০ জন পেয়েছেন একটি করে ফর্মেটে জায়গা।

টেস্ট

সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মুমিনুল হক, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, খালেদ আহমেদ, জাকির হাসান।

ওয়ানডে

সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ।

টি-টোয়েন্টি

সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত ও হাসান মাহমুদ।

তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম টেস্ট ও ওয়ানডে তালিকায়। আরেক সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে রাখা হয়েছে শুধুমাত্র ওয়ানডের তালিকায়।

এই চুক্তি চলতি মাস জানুয়ারি থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *