‘শনিবার বিকেল’ মুক্তিতে কোনো বাধা নেই— খবরটি প্রকাশের পর থেকেই সহকর্মী ও শুভানুধ্যায়ীদের অভিনন্দনে সিক্ত ছবিটির নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এবার তাকে অভিনন্দন জানালেন একই ঘটনার ওপর নির্মিত বলিউড সিনেমা ‘ফারাজ’-এর নির্মাতা হানসাল মেহতা।
‘শনিবার বিকেল’-এর নিষিদ্ধাদেশ কাটার পর সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে একটি পোস্ট দেন ফারুকী। ওই পোস্টের মন্তব্যের ঘরে হানসাল লিখেছেন, ‘অনেক অভিনন্দন বন্ধু। ভালোবাসা জানাই অন্যপাশ থেকে।’
প্রতিবেশী দেশ থেকে বন্ধুর এই শুভেচ্ছায় সাড়া দিয়েছেন ফারুকীও। ‘ভালোবাসার’ ইমোজি দিয়েছেন ফারুকী। লিখেছেন, ‘অবশ্যই কমরেড।’
উল্লেখ্য, প্রায় ৪ বছরের মুক্তি আটকে থাকার পর অবশেষে অপেক্ষা অবসান ঘটছে। মুক্তি পাচ্ছে হোলি আর্টিজান বেকারি নিয়ে নির্মিত মোস্তফা সরয়ার ফারুকীর ছবি ‘শনিবার বিকেল’। বাংলাদেশ সেন্সর বোর্ডের আপিল কমিটির সদস্য ও সাংবাদিক শ্যামল দত্ত জানান, মোস্তফা সরয়ার ফারুকীর ছবি ‘শনিবার বিকেল’ মুক্তি দিতে কোনো বাধা নেই।
এদিকে এ বিষয়টি নিয়ে ছবি বানিয়েছেন বলিউড নির্মাতা হানসাল মেহতা। ফারুকীর ছবি আটকে থাকলেও মুক্তি পাচ্ছিল বলিউডের এই ‘ফারাজ’। এই খবর শুনে ফারুকী জানিয়েছিলেন ফারাজ’ মুক্তির ১ ঘন্টা আগে হলেও শনিবার বিকেল মুক্তি দিতে চাই। এটি নিয়ে সোচ্চার হয়েছিলেন দেশের শোবিজের অনেকেই। এরই মধ্যে এলো সুখবর।
