সংসার ভাঙার খবরের পর রাজ পরীকে একসঙ্গে দেখা যায়নি। তবে শেষ পর্যন্ত তাদের সংসার ভাঙেনি। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে তারা আবারও সংসার জীবন শুরু করেছে।
মান অভিমান ভেঙে সংসার শুরুর সপ্তাহ দুয়েক পর আবারও ক্যামেরার সামনে এলেন শরীফুল ও পরীমণি। শনিবার (২১ জানুয়ারি) দুপুরে একসঙ্গে এক অনুষ্ঠানে হাজির হলেন তারা। রাজধানীর একটি প্রতিষ্ঠানের নতুন শোরুম উদ্বোধন করতে আসেন তারা। সন্তান রাজ্যকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে যোগ দেন রাজ ও পরী।
শোরুম উদ্বোধনের আগেই সাংবাদিকদের প্রশ্নে মুখে পড়েন এই তারকা দম্পতি। প্রথমেই রাজের কাছে জানতে চাওয়া হয়, সংসার কেমন চলছে? প্রশ্ন শুনেই রাজ বললেন ‘খুবই ভালো, ফ্যান্টাস্টিক, জোশ যাচ্ছে আমাদের সংসার। বলতে পারেন সুখ–আনন্দে আমাদের ঘর এখন ভরপুর।’
পরীর রাগ বা অভিমান হলে কীভাবে ভাঙান? এমন প্রশ্ন করতেই সঙ্গে সঙ্গে পরীর গালে আলতো করে চুমু খান রাজ। বলেন, ‘এভাবে গালে আলতো চুমু দিয়ে পরীর রাগ–অভিমান ভাঙাই। আমি ওর সামনে এমনভাবে গিয়ে দাঁড়াই, সব রাগ-অভিমান যেন উড়ে যায় ওর। আমার ওপর রাগ–অভিমান করে থাকতে পারে না পরী।
রাজ বলেন, ‘পরীমণিকে আমি অনেক ভালোবাসি। ওকে আমার ভালোবাসতে কোনো দিনক্ষণ বা সময় লাগে না। সবসময় তাকে ভালোবাসি আমি।’
স্ত্রীকে দুষ্টু আখ্যা দিয়ে এ নায়ক আরও বলেন, ‘পরী অনক দুষ্টু, আবার অনেক ভালোও। পরীমণিকে আমি অনেক ভালোবাসি।’
২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে আনেন ২০২২ সালের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। গত বছরের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য।
