শাকিব খানকে প্রশংসায় ভাসালেন সৈয়দ রুমা

ক’দিন আগেই ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান দুবাই গিয়েছিলেন একটি অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে। সেখানে অংশগ্রহণ শেষে শাকিব খান আমেরিকা চলে গেছেন।

একই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশের র‌্যাম্প মডেল ও কোরিওগ্রাফার সৈয়দ রুমা। অনুষ্ঠানে একজন শো-স্টপার হিসেবে সৈয়দ রুমা হেঁটেছেন এবং একই অনুষ্ঠানে তিনি সম্মাননাও গ্রহণ করেছেন একজন মডেল হিসেবে।

অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সৈয়দ রুমা শাকিব খানের সঙ্গেও কিছুটা সময় কাটানোর সুযোগ পেয়েছেন। শাকিব খানের সান্নিধ্যে এসে তিনি তার ভালো লাগা প্রকাশ করেছেন।

দুবাই থেকে সৈয়দ রুমা তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘শাকিব খান আমাদের দেশের সত্যিকারের সুপারস্টার। দেশের বাইরেও সিনেমাতে অভিনয় করে সুনাম বয়ে নিয়ে এসেছেন। তার সঙ্গে আমার পর্যন্ত কোনো কাজ করার সুযোগ হয়নি। কিন্তু এটা সত্যি অনেক অনুষ্ঠানে তার সঙ্গে দেখা হয়েছে। সেই দেখা এবং সময় কাটানো থেকে বলতে পারি শাকিব খান অনেক ভালো মনের মানুষ এবং যথেষ্ট বিনয়ী।

আর অনুষ্ঠানে আমি মডেল হিসেবে আমাদের চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেতা-বর্তমান চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ভাইয়ের হাত থেকে সম্মাননা গ্রহণ করি। এটাও আমার জন্য অনেক ভালো লাগার। নতুন ইংরেজি বছরের শুরুটা এক কথায় আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটল।’

সৈযদ রুমা জানান, ২০১১ সালে ‘ঢাকা ফ্যাশন উইক’-এ প্রথম মডেল হিসেবে অ্যাওয়ার্ড পান তিনি। কয়েক বছর আগে সৈয়দ রুমা ইন্দোনেশিয়ার বালিতে খান মুহাম্মদ বদরুদ্দিনের পরিচালনায় ‘দে আর হামিং বার্ড’ নাটকে অভিনয় করেছিলেন। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন শ্যামল মাওলা ও তৌসিফ মাহবুব।

২০২২ সালে একজন র‌্যাম্প মডেল হিসেবে কাজ শুরু করেন রুমা। সৈয়দ ইকবাল রচিত ও জুবায়ের ইবনে বকুল পরিচালিত ‘একটি ইন্টারভিউ’ টেলিফিল্মের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু। অভিনয় করেছেন বেশকিছু খণ্ড নাটক ও ধারাবাহিকে।

মোশাররফ করিম, আফরান নিশোসহ অনেকের বিপরীতেই তিনি নাটকে অভিনয় করেছেন। আরশাদ আদনান প্রযোজিত আলভী আহমেদ পরিচালিত ‘ইউটার্ন’ সিনেমায় আইটেম গানে পারফর্ম করেন রুমা। আগামীতে আরো ভালো ভালো কাজ করার প্রত্যাশা রয়েছে তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *