গরিব গরিবই থাকছে, আ.লীগের নেতারা বড়লোক হচ্ছে: ফখরুল

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গরিব গরিবই থাকছে। আর আওয়ামী লীগের নেতারা ফুলে ফেঁপে বড়লোক হচ্ছে। জনগণকে নিয়ে এইসব ফাজলামি আর চলবে না, জনগণকে নিয়ে মশকরা করা চলবে না।

শনিবার (২১ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে বিএনপির কার্যালয়ের সামনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এই আওয়ামী লীগ ১৪ বছরে উন্নয়নের নামে মানুষকে বোকা বানাচ্ছে, প্রতারণা করছে। বাস্তবে কোনো উন্নয়ন নেই। উন্নয়ন হয়েছে শুধু সরকারি দলের নেতাদের। এই নেতারা নিজেদের নিয়েই ব্যস্ত। যাদের এক তালা বাসা ছিল তাদের আজ ১০ তালা বাসা।

বিএনপির এই নেতা আরও বলেন, আমরা কোনো মিটিং করতে চাইলে আওয়ামী লীগ বলে আমরা নাকি নাশকতার পরিকল্পনা করছি। মারপিট করছে আওয়ামী লীগ, আমাদের মিটিং এ বাধা দিচ্ছেন তারা। অথচ দোষ দিচ্ছেন আমাদের ওপর। ১৪ বছরে নাশকতা সন্ত্রাস করে বাংলাদেশটাকে একটা শ্মশানে পরিণত করেছে এই আওয়ামী লীগ।

তিনি বলেন, বিএনপি ভোট চায়, তবে তা হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। না হলে আওয়ামী লীগ ভোট চুরি করবেই এটা তাদের স্বভাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *