শশুরবাড়ি থেকে নিখোঁজের ৫দিন পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার

রাজিব আহমেদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট: সিরাজগঞ্জের শাহজাদপুরে শশুরবাড়ি থেকে নিখোঁজের ৫ দিন পর হাত পা বাঁধা অবস্থায় করতোয়া নদী থেকে শরিফুল ইসলাম (২৫) নামের এক যুবককের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলার বেলতৈল ইউনিয়নের শিবরামপুর গ্রামের করতোয়া নদীর পোলঘাটে একটি ভাসমান লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নদী থেকে লাশ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা লাশটি শরিফুলের বলে শনাক্ত করেন।

শরিফুল উপজেলার বেলতৈল ইউনিয়নের আগ নুকালী গ্রামের মৃত আবু সামার ছেলে। সে পেশায় তা‍ঁত শ্রমিক ছিলেন। দেড় মাস পূর্বে এক‌ই ইউনিয়নের চর বেতকান্দি গ্রামের ফখরুল ইসলামের মেয়েকে সে বিয়ে করেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ৯ জানুয়ারি শরিফুল শশুরবাড়ি বেড়াতে যায়। পরদিন ১০ জানুয়ারি ভোর থেকে শশুরবাড়ির লোকজন তাকে খুঁজে পায়না।

পরে ১২ জানুয়ারি বৃহস্পতিবার শশুরবাড়ির পাশের কৃষি জমিতে শরিফুলের রক্তাক্ত জামাকাপড় পাওয়া যায়। এক‌ই দিন শরিফুলের মা সূর্য খাতুন ছেলের নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরী করেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল হোসেন, থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা, পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান, উপ-পরিদর্শক গোপাল কুমার ও আবু তাহের।

এই বিষয়ে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে শরিফুল কে হত্যার পর হাত পা বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ফারজানা, শশুর ফখরুল, শাশুড়ি বুলবুলি ও শ্যালক সাগরকে আটক করা হয়েছে। এই ঘটনায় নিয়মিত মামলা দায়ের হবে।

তিনি আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতালে পাঠানো হবে, ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *