বিয়ের ২দিন পর মালয়েশিয়া প্রবাসীর আত্মহত্যা!

রাজিব আহমেদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট: হাতের মেহেদীর রং এখনও মুছেনি কিশোরী জিম খাতুনের, এর আগেই বাসর সাজানো ঘরেই তার স্বামী লাল মিয়ার (৩০) আত্মহ্যার ঘটনা ঘটেছে। লাল মিয়ার সাথে গত বুধবার পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয় কিশোরী জিম খাতুনের।

নতুন জীবনের স্বপ্নে যখন বিভোর জিম খাতুন ঠিক তখনই বিয়ের ২দিন পর শনিবার (১৪ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ১০টায় সবকিছু এলোমেলো করে দিয়ে তার স্বামী লাল মিয়া গলায় মফলার পেচিয়ে আত্মহত্যা করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের পাড়া দুগালী মধ্যপাড়ায়। প্রবাসী লাল মিয়া ওই গ্রামের মৃত লোকমান ব্যাপারীর মেঝ ছেলে। সে প্রায় ৮/৯ বছর যাবৎ মালয়েশিয়া থেকে গতমাসে দেশে ফেরেন।

খবর পেয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

লাল মিয়ার ছোটভাই আলামিন হোসেন জানান, প্রায় ১ মাস পূর্বে লাল মিয়া দেশে ফেরেন। গত বুধবার পার্শ্ববর্তী গ্রামের গরু ব্যবসায়ী হাবিবুর রহমানের মেয়ে জিম খাতুনের সাথে পারিবারিক ভাবে তার বিয়ে সম্পন্ন হয়।

গতকাল শশুরবাড়ি থেকে দাওয়াত খেয়ে সন্ধ্যায় স্ত্রীসহ তিনি বাড়িতে ফেরেন। আজ সকাল আনুমানিক সাড়ে ১০টায় তিনি ঘরের দরজা লাগিয়ে ভেতরে অবস্থান করতে থাকেন। পরে তার সারা না পেয়ে ডাকাডাকি করা হয়। একপর্যাযে ঘরের টিন কেটে দেখা যায় তিনি আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় ছটফট করছেন।

পরে পাশের রুমের বেড়ার উপর দিয়ে ঘরে প্রবেশ করে তার দেহ নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এই বিষয়ে লাল মিয়ার নববিবাহিতা স্ত্রী জিম খাতুন বলেন, শুনেছি তিনি মালয়েশিয়াতে এক ব্যক্তিকে প্রায় ১০ লাখ টাকা ধার দিয়েছিলেন। সেই ব্যক্তি টাকা দিতে অস্বীকার করায় তিনি খুবই দুশ্চিন্তায় ছিলেন।

এই বিষয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল ও পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করি। লালমিয়ার লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

আগামীকাল রোববার সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *