পরপর দুইবার নিজেকে অভিনেতা হিসেবে প্রমাণ দিলাম: জয়

মুক্তি পেয়েছে শাহরিয়ার নাজিম জয় ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত ওয়েব সিরিজ ‘গুটি’। এতে গল্প অনুযায়ী যেমন চরিত্র হওয়া প্রয়োজন, সেভাবেই ধরা দিয়েছেন জয়। অভিনেতার চরিত্রের নাম সেলিম। তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। নাম সুলতানা। যার চরিত্র মাদক চোরাকারবারী।

জয়ের অভিনয় এক্সপ্রেশন, সংলাপ ডেলিভারী, স্যান্ডু গেঞ্জি ও লুঙ্গি পরে মাঝে মধ্যে কুঁচকি চুলকানো সবকিছুতে তার উপস্থিতি নজড় কেড়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাতে ‘গুটি’ সিরিজটি ওটিটিতে মুক্তি পায়।

সিরিজটিতে জয়ের অভিনয় প্রশংসা পাচ্ছে। অভিনেতা হিসেবে আগে থেকেই পরীক্ষিত ছিলেন তিনি। তবে উপস্থাপনায় নিয়মিত হওয়ায় অভিনয়ে খুব একটা দেখা যায় না তাকে। এরই মাঝে গত বছর নির্মাতা রায়হান রাফির ‘৭ নাম্বার ফ্লোর’ এ দারুণভাবে কামব্যাক করেন জয়। এবার নতুন করে অভিনয়গুণে আলোচনায় এলেন তিনি।

জয় বলেন, কিশোরকাল থেকে অভিনয় করি, অভিনয় আমার রক্তে মিশে আছে। এ কাজের আদ্যোপান্ত মোটামুটি জানি। আমাকে ব্যবহারে যারা অপারগ, ব্যর্থতা তাদের। যারা আমাকে ব্যবহার করছেন তারা আসলেই কৃতিত্বের দাবিদার। অভিনয়টা আমি জানি, তাই আমাকে কাজে লাগানোর দায়িত্ব নির্মাতাদের। পরপর দুইবার নিজেকে অভিনেতা হিসেবে প্রমাণ দিলাম। এখন নির্মাতা যদি মনে করেন আমাকে আরও ইউজ করতে পারেন।

এই অভিনেতা আরও বলেন, যখন প্রথম প্রথম নাটকে অভিনয় করতাম তখন নাটক প্রচার হলে প্রচুর ফোন, মেসেজ পেতাম। অনেক বছর অভিনয়ের জন্য ফোন বা মেসেজ পাইনি। ওটিটিতে কাজ করে বলতে গেলে অভিনয় অঙ্গনে আমার পুনর্জন্ম হয়েছে। সেই পুরনো দিনের মতো মানুষের ভালোবাসা পাচ্ছি। সত্যি বলতে আমি আশাই করিনি এতোটা প্রশংসা পাব। এমন সাড়ায় আমি এক কথায় মুগ্ধ।

দর্শকদের কথা, জয় তার ক্যারিয়ারে অন্যতম সেরা অভিনয় করেছেন, অভিনয়ে তার আবার নিয়মিত হওয়া উচিত। তিনি বলেন, নিয়মিত অভিনয়ে ফেরা উচিত নাকি অনুচিত এটা নির্ভর করে প্রডাকশন হাউজ এবং নির্মাতাদের উপর। আমি মনে করি, এর চেয়েও বেস্ট অভিনয় করার ক্ষমতা আমি রাখি। নিজেকে নতুন করে প্রমাণ দেয়ার জন্য ‘৭ নাম্বার ফ্লোর’ ও ‘গুটি’ এই দুটি কাজই যথেষ্ট! আমাকে কাজে লাগানোর দায়িত্ব নির্মাণে জড়িতদের।

শাহরিয়ার নাজিম জয় বলেন, আমি সবসময় অভিনয়টা ধারণ করেছি। কিন্তু তখন আমাকে অভিনয়ে কেউ ডাকেনি বিধায় শিফট করে উপস্থাপনায় যাই। সেখানে সফল হয়েছি। তাই এই মাধ্যমে আমার কমিটমেন্ট ও ব্যস্ততা আছে। তাই ৩০দিন অভিনয় করা আমার পক্ষে সম্ভব না। তবে যে কাজটি করবো সেটা সিগনেচ্যার কাজ হবে এটা গ্যারান্টেড। কারণ, এখন আমি যে কাজটি করবো জেনে বুঝেই করবো। কাজটি ভালো হবে এটা দৃঢ় বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *