ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশের মঞ্চ অনুষ্ঠান চলাকালে অতিথিদের নিয়ে ভেঙে পড়েছে। মঞ্চ ভেঙে যাওয়ার সময় বক্তব্য রাখছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঞ্চ ভেঙে যাওয়ায় ওবায়দুল কাদেরসহ মঞ্চে উপস্থিত ছাত্রলীগের সাবেক ও বর্তমান প্রায় সব নেতাকর্মী পড়ে যান। শুক্রবার বিকেল সোয়া চারটায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়।
ওই সময় মঞ্চে উপস্থিত ছিলেন—ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
যা ঘটেছিল
ছাত্রলীগের শোভাযাত্রা উদ্বোধনের আগে মঞ্চে ভাষণ দিচ্ছিলেন ওবায়দুল কাদের। হঠাৎ বিকট শব্দ হয়। কিছু বুঝে ওঠার আগেই ভেঙে যায় মঞ্চ। ওই সময় মাটিয়ে লুটিয়ে পড়েন ওবায়দুল কাদেরসহ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।
ওই সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেলে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা পরিস্থিতি শান্ত করেন। পরে ভাঙা মঞ্চের একপাশে দাঁড়িয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আজকের প্রোগ্রামে স্টেজ ভেঙে পড়েছে, এটা স্বাভাবিক ব্যাপার। স্টেজভর্তি নেতা থাকে, এত নেতার আমাদের দরকার নাই। আমাদের স্মার্ট কর্মী দরকার। স্টেজে এত নেতা কেন থাকবে?’
