Home বিনোদন ১৮ বছর পর দেশে ফিরলেন সালমান শাহ’র নায়িকা

১৮ বছর পর দেশে ফিরলেন সালমান শাহ’র নায়িকা

0
254

দুই যুগ ধরে যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়িকা রোকসানা হাসি সোনিয়া। এবার তিনি দেশে ফিরলেন ১৮ বছর পর। গত ২১ ডিসেম্বর দেশে পৌঁছান ‘স্বপ্নের ঠিকানা’ খ্যাত অভিনেত্রী।

দেশে ফিরেই শিল্পী সমিতির সভাপতি অভিনেতা ইলিয়াস কাঞ্চনের সঙ্গে কাকরাইলে ‘নিরাপদ সড়ক চাই’ অফিসে দেখা করেন সোনিয়া।

এরপর ২৫ ডিসেম্বর চলচ্চিত্র ফিল্ম ক্লাবের নির্বাচনেও দেখা যায় তাকে। এদিন সহকর্মীদের সঙ্গে আনন্দে দিনটি কাটিয়েছেন এই নায়িকা।

সোনিয়া বলেন, ‘দীর্ঘ সময় পর দেশে এসেছি। করোনা সংকট না হলে ২০২০ সালেই দেশে ফিরতাম। বিমানের টিকিটও করা ছিল। করোনার কারণে সব পরিকল্পনা বাতিল করতে হয়। আরো কিছুদিন দেশে থাকার ইচ্ছা রয়েছে। আশা করছি, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে লন্ডনে ফিরব।’

গত ২২ ডিসেম্বর বাংলাদেশে এসেছেন সোনিয়া। স্বামী ছাড়া পরিবারের অন্য সদস্যরাও তার সঙ্গে রয়েছেন। তিন সন্তানের মা সোনিয়া। আগামী ১১ জানুয়ারি ফের লন্ডনে উড়াল দেবেন তিনি।

আপাতত অভিনয়ে ফেরার ইচ্ছা নেই বলেও জানান সোনিয়া। তিনি বলেন, ‘এই মুহূর্তে সংসার ও সন্তান নিয়ে বেশ আছি। অভিনয় করার জন্য যে পরিমাণ সময় দরকার, সেটা দিতে পারব না। লন্ডনে আমি একটি রেডিওর সঙ্গে যুক্ত আছি। পাশাপাশি বেশ কিছু সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত। সেগুলো করতে করতেই সময় চলে যায়। তবে প্রাণের চলচ্চিত্রকে অনেক মিস করি। ’

১৯৯১ সালে ‘মাস্তান রাজা’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে সোনিয়ার চলচ্চিত্রে অভিনয় শুরু। এরপর অভিনেতা রাজ্জাকের নির্দেশনায় বাপ্পারাজের বিপরীতে ‘প্রেম শক্তি’ সিনেমায় প্রথম নায়িকা চরিত্রে কাজ করেন। ১৯৯২ সালে আফজাল হোসেন ও সাইদুল আনাম টুটুলের বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন তিনি।

সোনিয়া সর্বশেষ অভিনয় করেন দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শুভ বিবাহ’ চলচ্চিত্রে। এরপর আর কোনো সিনেমায় তাকে দেখা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here