স্বপ্ন থেকে স্পর্শের আঙ্গিনায় এখন মেট্রোরেল। চাইলেই ধরা যাবে। আজ উদ্বোধনের মধ্যদিয়ে বহুদিনের সেই কল্পনা বাস্তবে রূপ নিল।
মেট্রোরেল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন চলছে উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশ। পরে প্রধানমন্ত্রী প্রথম যাত্রী হিসেবে মেট্রোরেলে চড়বেন। ওই ট্রেনের চালক হিসেবে থাকবেন মরিয়ম আফিজা।
রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার পথ পাড়ি দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানাসহ পরিবারের ১০ সদস্য এবং মেট্রোরেলে প্রথম এ যাত্রায় তার সফরসঙ্গী হবেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, মাদ্রাসা শিক্ষক, ইমাম, অন্যান্য ধর্মযাজক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি, পোশাক শ্রমিক, রিকশাচালক, কৃষক, শ্রমিক, দোকানি/বাদাম বিক্রেতা/সবজি বিক্রেতা, মেট্রোরেলের শ্রমিক, প্রতিরক্ষা ও আইনশৃঙ্খলাকারীবাহিনী, গণমাধ্যমকর্মী, কূটনীতিক, উন্নয়ন সহযোগী, একজন দৃষ্টি/বুদ্ধি প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
এ ছাড়া প্রথম ট্রেনের নির্ধারিত যাত্রীরা হলেন—স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ২৫ জন মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী, ৩ জন উপমন্ত্রী, প্রধানমন্ত্রীর ৬ জন উপদেষ্টা, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৯ জন সদস্য, ঢাকা মহানগরের ১২টি আসনের সংসদ সদস্য ও ঢাকার দুই সিটি মেয়র।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর ১৪ সদস্যকে প্রথম যাত্রায় মেট্রোরেলে চড়ার আমন্ত্রণ জানানো হয়েছে। আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, মান্নান খান, রমেশ চন্দ্র সেনসহ মেট্রোরেলের উদ্বোধনী যাত্রায় থাকছেন মোট ২২০ জন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বাংলাদেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬-এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশের উদ্বোধনী ফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনা। আজ বুধবার বেলা ১১টায় মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশনের পাশেই উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি ব্লকের খেলার মাঠে এ সুধী সমাবেশস্থলে পৌঁছে তিনি ফলক উন্মোচন করেন। এ সময় শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন।
ফলক উন্মোচন শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মিজানুর রহমান মোনাজাত পরিচালনা করেন। ফলক উন্মোচন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বোনসহ অন্যদের নিয়ে মঞ্চে আসেন এবং উপস্থিত জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
ভাষণ দিয়ে দিয়াবাড়ী স্টেশনের পূর্ব-দক্ষিণ পাশে দুটি তেঁতুলগাছের চারা রোপণ করবেন প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী স্টেশনের দোতলায় টিকিট কেটে তৃতীয় তলায় যাবেন। তৃতীয় তলা থেকে মেট্রোরেলে উঠে আগারগাঁওয়ে যাবেন।





