দেশ স্বাধীন হওয়ার পর প্রথম যে বাংলাদেশের চলচ্চিত্রটি ভারতে অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত হয়েছিল সেটি হলো ত্রিভুজ প্রেমের বিখ্যাত চলচ্চিত্র ‘অবুঝ মন’। স্বাধীনতার পর ১৯৭২ সালে মুক্তি পায় রাজ্জাক-শাবানা জুটি নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘অবুঝ মন’।
চলচ্চিত্রটি নির্মাণ করেন প্রখ্যাত চিত্রনির্মাতা কাজী জহির। মুক্তির পর চলচ্চিত্রটি দেখতে হলে দর্শকের ঢল নেমেছিল। চলচ্চিত্রটি টানা একশত সপ্তাহের বেশি সময় ধরে প্রদর্শিত হয়ে প্লাটিনাম জুবলি পালন করে। শহর ছাপিয়ে মফস্বলের সিনেমা হলগুলোতেও পরিবার নিয়ে দর্শকরা দল বেঁধে চলচ্চিত্রটি বারবার দেখতে যায়। আজ ‘অবুঝ মন’ ৫০ বছর পূর্ণ করল।
এ ছাড়াও এই ৫০ বছরে যতবারই চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ততবারই দর্শকের ঢল নেমেছে। বর্তমানেও ইউটিউবে দর্শক ছবিটি সমান মুগ্ধতায় উপভোগ করে থাকে।
এ চলচ্চিত্রের অন্যতম অভিনেত্রী যুক্তরাষ্ট্র প্রবাসী শাবানা স্মৃতিচারণ করতে গিয়ে মুঠোফোনে সংবাদমাধ্যমকে বলেন, সেই সময়ে হিন্দু-মুসলমানের প্রেম কাহিনি নিয়ে একটি সাহসী ছবি নির্মাণ করেন দক্ষ নির্মাতা কাজী জহির। বেশ উৎসবমুখর আয়োজনে ছবির কাজ করেছিলাম আমরা।
ছবিটি যে এমন সাড়া জাগাবে তা প্রথমে বুঝতে পারিনি। তারপর তো বলতে গেলে ‘অবুঝ মন’ বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে মাইলফলক হয়ে আছে। এই চলচ্চিত্রটির কথা শুধু আমি নই, কেউই কোনো দিন ভুলতে পারবে বলে আমার মনে হয় না।
দুই ধর্মের দুই তরুণ-তরুণীর প্রেম, সেই প্রেমের জন্য দুই বন্ধুর ত্যাগ ও মানবতার গল্প উঠে এসেছে এ চলচ্চিত্রে। এর কাহিনি, চিত্রনাট্য ও অভিনয়ের পাশাপাশি সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গাওয়া ‘শুধু গান গেয়ে পরিচয়’ গানের পরিচিতিও ছড়িয়ে পড়ে দর্শকমহলে।
