শোবিজের জনপ্রিয় দুই মুখ। অভিনেত্রী প্রভা ও সংগীতশিল্পী ইমরান। গত বছরের শেষ দিকে গুঞ্জন ছড়ায়, একে অপরের প্রেমে হাবুডুবু ইমরান-প্রভা।
অবশ্য ওই গুঞ্জনের সূত্রপাত করেছিলেন অভিনেত্রী নিজেই। ইমরানের সঙ্গে নিয়মিত ঘনিষ্ঠ ছবি শেয়ার করা, রোম্যান্টিক কমেন্ট চালাচালিতে যেন প্রেমেরই ইঙ্গিত দিচ্ছিলেন।
প্রভা ও ইমরানের প্রেম নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যমেও চর্চা হয়। যদিও তারা নিজেরা বিষয়টি নিয়ে স্পষ্টভাবে কিছুই বলেননি।
তবে সম্প্রতি কয়েকটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে একটি জাতীয় দৈনিক জানায়, অনেক আগে থেকেই তারা প্রেম করছেন। শুধু তাই নয়, বেশ কয়েকবার কক্সবাজারসহ বিভিন্ন জায়গায় তারা অবকাশ যাপনে গিয়েছিলেন।
এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরানের সঙ্গে অনেক ছবি প্রকাশ করেছেন প্রভা। এতেই বোঝাই গিয়েছিল তারা প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে দেশের এক মডেল ও অভিনেত্রী বলেন, ‘ইমরান যেদিন প্রভাকে প্রেমের প্রপোজ করে সেদিন আমার সঙ্গে দেখা করে যায়। এমনকি যে রিং দিয়ে প্রপোজ করে সেটাও আমার পছন্দেই নেয়। সুন্দর যাচ্ছিল তাদের সম্পর্ক। কক্সবাজার থেকে এসেও সব ঠিক ছিল। কিন্তু হঠাৎ কেন যে তাদের সম্পর্ক নষ্ট হয়ে গেল সেটা দুজনের কেউ বলেননি।’
বিষয়টি নিয়ে প্রভা বলেন, ‘প্লিজ, আমি এসব নিয়ে কোনো কথাই বলতে চাই না। আমাকে মাফ করেন। আমি কোনো ধরনের নিউজ চাই না আমাকে নিয়ে। সেটা ভালো নিউজ হোক বা খারাপ।’
উল্লেখ্য, ২০০৫ সালে প্রভা মডেলিং দিয়ে শোবিজে পা রাখেন। এরপর বিজ্ঞাপন, নাটক, টেলিফিল্ম দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন। অন্যদিকে ইমরান বেশ কিছু সুপারহিট গান উপহার দিয়েছেন।
