বিয়ে হচ্ছে না সালমান মুক্তাদিরের, কারণ জানালেন নিজেই

দেশের আলোচিত ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদিরের বিরুদ্ধে প্রতারণা ও অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে।

অভিযোগ প্রসঙ্গে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন সালমান মুক্তাদির। এক বিশেষ সাক্ষাৎকারে সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি।

সালমান মুক্তাদিরের দাবি, নারীদের প্রতারিত কিংবা অনৈতিক কাজে বাধ্য করার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। এছাড়া শারীরিক সম্পর্ক বাধ্য করে হয় না। অন্তত তিনি তা কখনও করেননি।

এ বিষয়ে সালমান মুক্তাদির আরও বলেন, ‘কোনো মেয়ে আমাকে পছন্দ করলে আমি শ্রদ্ধা রেখে তার সঙ্গে মিশি। আর কোনো মেয়ে আমাকে পছন্দ না করলে সম্মান জানিয়ে তার থেকে দূরত্ব বজায় রাখি।’

সালমানের ভাষায়, ‘আমি যতই খারাপ হই কোনো মেয়েকে আমি কখনও অসম্মান বা দুঃখ দেইনি। তাই আমার পরিচিত কোনো মেয়েই এখন পর্যন্ত আমার নামে মিথ্যা অপবাদ দেয়নি। একটি চক্র আমাকে ফাঁসানোর জন্য উঠেপড়ে লেগেছে। আমার নামে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে। যা পুরোপুরি ভিত্তিহীন।’

ধনী নারীদের ফাঁসানোর বিষয়ে সালমান বলেন, ‘ধনী নারীরা কেন আমার কাছে অভিনয়ের সুযোগ চাইবে? যাদের টাকা আছে, তারা অনেকভাবেই অভিনয়ে আসতে পারে।’

সবশেষে আক্ষেপ নিয়ে সালমান মুক্তাদির বলেন, ‘মিথ্যা স্ক্যান্ডালের জন্য আমি বিয়ে করতে পারছি না। আমি বিয়ে করলে, যারা আমার নামে স্ক্যান্ডাল ছড়াচ্ছে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাই আমার বিয়ে হচ্ছে না।’

বিয়ে প্রসঙ্গে তিনি আরও জানান, সবকিছু ঠিক থাকলে আজই বিয়ে করে ফেলতে পারেন তিনি। তবে সবাইকে জানিয়ে বা না জানিয়ে নয়, নিজের মতো করে পারিবারিকভাবেই বিয়ে করবেন সালমান মুক্তাদির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *