নির্বাচন করছেন নায়িকা পলি

জনপ্রিয় চিত্রনায়িকা পলি এবার বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি লিপু – জাহান পরিষদ থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন বলে জানিয়েছেন। পলি জানান, ২৫ ডিসেম্বর এফডিসিতে ফিল্ম ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

খুলনার মেয়ে পলি ২০০১ সালে প্রযোজক – পরিচালক – প্রদর্শক মোহাম্মদ হোসেনের ‘ফায়ার’ ছবিতে প্রয়াত তারকা মান্নার নায়িকা হিসেবে অভিষিক্ত হন। এরপর তিনি ১১৩ টি চলচ্চিত্রে অভিনয় করেন।

মান্না, রুবেল, অমিত হাসান, আমিন খান, শাকিব খানসহ প্রায় সব নায়কের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করে জনপ্রিয়তা পান। তার অভিনীত উল্লেখযোগ্য কিছু ছবি হলো – যুদ্ধে যাবো, ক্ষত বিক্ষত, মানিক বাদশা, এলাকার ত্রাস, কঠিন পুরুষ, জঙ্গল, দুর্ধর্ষ, অশান্ত বাদশা, রাস্তা, জাল, বাংলার বাঘ ইত্যাদি।

পলি অভিনীত সর্বশেষ ছবি ‘এক নাম্বার আসামি’ ২০১২ সাল। এরপর তিনি চলচ্চিত্রের বদলে সংসার জীবনে ব্যস্ত হয়ে পড়েন। যদিও মাঝখানে শোনা গিয়েছিল তিনি আবারও চলচ্চিত্রে অভিনয় করবেন। কিন্তু আপাতত আর চলচ্চিত্রে অভিনয় করবেন না বলে জানিয়েছেন। বর্তমানে তিনি সংসারের পাশাপাশি ব্যবসায়ও সময় দিচ্ছেন। টিজে অ্যান্ড জে নামের পোল্ট্রি ফিড কোম্পানি রয়েছে তার। এছাড়াও তাসমিম কালেকশন নামের তার একটি বুটিক শপ রয়েছে।

এবারের ফিল্ম ক্লাবের নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে পলি বলেন, আমি ব্যক্তিগত ভাবে ফিল্ম ক্লাবসহ ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্লাব, ক্যাপিটাল ক্লাব, জয়ন্টা ক্লাব, লেডিস ক্লাব, কুষ্টিয়া ক্লাব ও খুলনা ক্লাবের মেম্বার। ক্লাব কালচার আমি খুব এনজয় করি। আর যেহেতু ফিল্ম ক্লাব আমাদের চলচ্চিত্র সংশ্লিষ্ট লোকজনের প্রতিষ্ঠান। অতীতে এখানে চিত্রনায়িকা মৌসুমী, পপি ও রত্না নির্বাচনে অংশ নিয়েছেন। তাই ভাবলাম এবার আমিও নির্বাচন করি।

ক্লাব মেম্বারদের সঙ্গে ব্যক্তিগত একটা আত্মিক টানও আমার ফিল্ম ক্লাবের নির্বাচনে অংশ নেওয়ার অন্যতম একটা কারণ। নির্বাচনে নিজের জয়লাভের বিষয়ে আত্মবিশ্বাসী হয়ে পলি বলেন, ক্লাব মেম্বারদের সঙ্গে আমি যোগাযোগ রেখে নির্বাচনী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। আশা রাখছি – আমি মেম্বারদের ভালোবাসায় সিক্ত হয়ে নির্বাচনে জয় লাভ করতে সক্ষম হবো। সবাই আমার জন্যে দোয়া করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *