এমন কোনো নায়িকা নেই যে টিকটক করেন না: দীঘি

নতুন প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাস নিয়ে সামাজিকমাধ্যমে আলোচনা চলছে। সিনেমায় সিন্ডিকেট বিষয়ে কথা বলেছেন এই নায়িকা। রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় তাকে চূড়ান্ত করে বাদ দেওয়ায় অভিযোগ তুলেছেন এই নায়িকা।

আফরান নিশোর বিপরীতে সেই সিনেমায় অভিনয় করার কথা ছিল দীঘির। কিন্তু তাকে শেষ মুহূর্তে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দীঘি।

এ বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নির্মাতা রায়হান রাফি। এসময় দীঘিকে টিকটক না করে অভিনয়ে মনযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন। সেইসঙ্গে জানিয়েছেন তার নির্মিতব্য ‘সুড়ঙ্গ’ সিনেমার জন্য দীঘি নিজ থেকে তার সঙ্গে যোগাযোগ করছিলেন।

এ প্রসঙ্গে রাফি বলেন, ‘একটি চরিত্রের জন্য একাধিক জনের সঙ্গে কথা হতে পারে, চূড়ান্ত একজন হবে এবং তার সঙ্গে লিখিত চুক্তি হবে। দীঘির সঙ্গে তো আমার কোনো লিখিত চুক্তি হয়নি। সে কাজ করতে চেয়েছে, অফিসে নিজের ইচ্ছাতেই এসেছে। দীঘি বলেছে আমি তাকে বাদ দিয়েছি, তাকে আমার চরিত্রের জন্য উপযুক্ত মনে হয়নি, ফলে তার সঙ্গে যোগাযোগ করিনি।’

এ সময় দীঘিকে পরামর্শ দিয়ে রাফি বলেন, ‘তার উচিত টিকটক বাদ দিয়ে অভিনয়ে মনোযোগী হওয়া। ফিটনেসের দিকে মনোযোগী হওয়া। সে শুধু আমার সিনেমা থেকে বাদ হয়েছে এমনটা না, অন্যরা কেন তাকে সিনেমা থেকে বাদ দিল? নিশ্চয়ই তার ঘাটতি আছে।’

রাফির এই পরামর্শ কীভাবে নিচ্ছেন— জানতে চাইলে দীঘি বলেন, “টিকটকের ব্যপারে তার যদি এতই আপত্তি, সে আমাকে যখন ‘সুড়ঙ্গে’র জন্য ডাকে তখনও তো আমি টকটক করতাম। এটা যদি ইস্যু হতো আমার মনে হয় না সে আমাকে তার অফিস পর্যন্ত আমাকে ডাকত।”

দীঘিকে টিকটক বন্ধের পরামর্শ দিয়েছেন রাফি। অথচ তিনি নিজেও টিকটক করেন উল্লেখ করে এ নায়িকা বলেন, ‘কয়েকদিন আগে দেখলাম রাফি ভাইয়া নিজেও টিকটক করেছে। তার দুইটা টিকটক ভিডিও একজন নায়িকার টিকটক আইডিতে আছে। আর টিকটকে যদি তার এতই সমস্যা থাকত তাহলে টিকটক করে না এমন নায়িকা খুঁজে নিত সে। নাটক, সিনেমা, বিজ্ঞাপন থেকে শুরু করে দেশে এমন কোনো নায়িকা এখন নেই যে টিকটক করেন না। তার নায়িকাদের মধ্যেও অনেকে টিকটক করে। আমাকে পরামর্শ দেওয়ার আগে বড় আয়োজন করে তাদের পরামর্শ দেওয়া উচিত তার।’

দীঘিকে অভিনয়ে মনযোগী হওয়ারও পরামর্শ দিয়েছেন রাফি। এ প্রসঙ্গে দীঘি বলেন, ‘অভিনয় মনযোগী যদি নাই হতাম তাহলে নিশ্চয়ই রায়হান রাফি আমাকে ডাকত না। যেহেতু সে নিজেকে ব্র্যান্ড দাবি করে, ওই ব্র্যান্ড তো আমাকে ডাকত না।’

সবশেষে দীঘি বলেন, ‘বানোয়াট কথা দিয়ে আলোচনায় আসা আমার কাজ না। আমি একজন শিক্ষিত মানুষ। কাদা ছোড়াছুঁড়ি করে, নোংরামি করে আলোচনায় আসার ইচ্ছা আমার নেই। আমি, আমার পরিবার আমাদের কাজ দিয়েই আলোচিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *