আরও ৪ মামলায় গ্রেপ্তার দেখানো হলো রিজভীকে

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এবার শাহবাগ থানার আরও চার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রিজভীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এদিন পুলিশ চার মামলায় রিজভীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

সিএমএম আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিচারাধীন তিন মামলায় রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। আর এক মামলা তদন্তাধীন। এ চার মামলায় পুলিশ তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে। পরে আদালত তা মঞ্জুর করেন।

গত ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অনেকে। পরে বিএনপি কার্যালয়ে অভিযান চালানো হলে চাল, পানি, খিচুরি ও নগদ টাকা পাওয়া যায় বলে জানায় পুলিশ।

অভিযান চলাকালে নয়াপল্টন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অনেক নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।

এছাড়াও ৮ ডিসেম্বর দিনগত রাত তিনটার দিকে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আটক করে পুলিশ।

এরপর শুক্রবার দুপুরে তাদের গ্রেফতার দেখায় ডিবি পুলিশ। গত ৯ ডিসেম্বর বিকেলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *