পর্দায় নিজের মতো করে গল্প বলেন অনম বিশ্বাস। তিনি চান, দর্শক বিনোদিত হওয়ার পাশাপাশি ভাবনার সুযোগ পান। এর আগে তার নির্মিত সিনেমা ও ওয়েব ফিল্মেও সে প্রমাণ রেখেছেন। এবার তিনি হাতে নিয়েছেন তার নতুন সিনেমার কাজ।
১৯৭১ সালের প্রেক্ষাপটে নির্মাণ করা হবে ‘ফুটবল-৭১’ শিরোনামের এ ছবি। সিনেমাটিতে অভিনয় করবেন নুসরাত ফারিয়া। এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ফারিয়া নিজেই জানিয়েছেন।
আজ রোববার নিজের ফেসবুকে একটি ছবি দিয়েছেন ফারিয়া। সেখানে হাস্যোজ্জ্বলভাবে এ নায়িকা ধরা দিয়েছেন চুক্তিপত্রসহ। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার পরবর্তী! অনম বিশ্বাসের সঙ্গে।’ ছবিটি দেখে বোঝা যাচ্ছে, ‘ফুটবল ৭১’ সিনেমায় স্বক্ষরের সময় লেন্সবন্দি হয়েছেন তিনি।
এ ছবিতে ফারিয়ার বিপরীতে থাকবেন আরিফিন শুভ। এ খবর তিনি দিন দুয়েক আগেই জানিয়েছিলেন। সেসময় ছবির প্রসঙ্গে সংবাদমাধ্যমকে শুভ বলেছিলেন, ‘আমি অনমদার একজন ফ্যান। তার কাজ অনেক ভালো লাগে। এবার তারই নির্মাণে আমি প্রথমবার কাজ করছি। এটি আনন্দের বিষয়।’
এদিকে আরিফিন শুভ সিনেমাটিতে যুক্ত হওয়া পর গত শুক্রবার অনম জানান, মাস দুয়েকের মধ্যেই সিনেমাটির শুটিং শুরু করবেন তিনি। এর আগে ১৬ ডিসেম্বর সিনেমার অভিনয়শিল্পীদের নামসহ আরও কিছু তথ্য জানাতে চান।
অনমের ফুটবল ৭১ সিনেমাটি ২০১৯-২০২০ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত। অনেক আগেই সিনেমাটির ঘোষণা এলেও করোনার কারণে দীর্ঘ সময় আটকে ছিল বলে জানান এ নির্মাতা।
