খেলা শুরুর পর থেকেই আমার বুক কাঁপছিল: পরীমণি

আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডসের খেলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনায় ছিলেন শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। কী হবে, আর্জেন্টিনা কি পারবে কোয়ার্টার ফাইনালে উঠতে? এই চিন্তায় রীতিমতো কাঁপন ধরে গিয়েছিল অভিনেত্রীর বুকে।

শুক্রবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে এমনই শ্বাসরুদ্ধ অবস্থায় ছিলেন ‘বিশ্ব সুন্দরী’ খ্যাত অভিনেত্রী। অবশেষে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমি ফাইনালে উঠে গেছে অভিনেত্রীর পছন্দের দল।

ঢাকাই সিনেমার প্রতিবাদী নায়িকা পরীমণি আর্জেন্টিনার অন্ধভক্ত। প্রিয় দলের প্রতিটি ম্যাচ দেখেন তিনি। শুধু দেখেন না, তাৎক্ষণিক নিজের প্রতিক্রিয়াও জানান। কিন্তু স্বামী শরিফুল রাজ ব্রাজিলের ঘোর সমর্থক।

গতকাল রাতে ম্যাচ শেষ হওয়ার পূর্বে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন পরী। ওই পোস্টে তিনি লিখেছেন, আজকে আর্জেন্টিনা জিতে গেলে আমি রাজের জন্যে ৭ দিন ব্রাজিলের জার্সি পরে ঘুরব, প্রমিস। সেই সঙ্গে ভালোবাসার কয়েকটি ইমোজিও জুড়ে দেন তিনি।

ম্যাচ চলাকালীন পরীমণি সংবাদমাধ্যমকে বলেন, ‘খেলা শুরুর পর থেকেই আমার বুক কাঁপছিলো। প্রেশার বেড়ে গিয়েছিল। আর্জেন্টিনা প্রথম গোলটি দেওয়ার পর তো আবেগে কেঁদে ফেলেছি।’

খেলার দ্বিতীয়ার্ধে প্রেশারের কারণে কিছুক্ষণ টিভি বন্ধ রাখেন জানিয়ে ‘স্বপ্নজাল’ নায়িকা বলেন, ‘আমার প্রেশার অনেক হাই। সে সময়টায় প্রেশার বেড়ে খুব অসুস্থ লাগছিল। ফলে টিভি বন্ধ করে দিয়েছিলাম।’

শেষতক এমিলিয়ানো মার্টিনেজের বীরত্বে আর্জেন্টিনার জয়ে হাসি ফোটে পরীর মুখে। তার কথায়, ‘ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপ এলেই খেলাটার প্রতি বেশি মায়া জন্মায়। আর্জেন্টিনার প্রতিটি খেলোয়াড়কে মনে হয় নিজের আপন কেউ। খুব করে চাই লিওনেল মেসির হাতেই কাপটা উঠুক। এই জয়ের মধ্য দিয়ে সেই স্বপ্নের আরও কাছাকাছি চলে গেলো দলটি। আমার বিশ্বাস পরের দুই ম্যাচ জিতে আর্জেন্টিনা মেসির স্বপ্ন পূরণ করবে। বিশ্বকাপ জিতবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *