সংসদ থেকে বিএনপির সাত এমপির পদত্যাগের ঘোষণা

জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপির সংসদ সদস্যরা। শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে ঢাকার বিভাগীয় গণসমাবেশে এমপিরা পদত্যাগের ঘোষণা দেন।

সমাবেশে প্রথমে বগুড়া–৬ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ প্রথম সাত সংসদ সদস্যের পদত্যাগের ঘোষণা দেন। এরপর অন্য সংসদ সদস্যরা একে একে পদত্যাগের কথা জানান। দেশের বাইরে থাকায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদের পক্ষে গোলাম মোহাম্মদ পদত্যাগের কথা জানান।

একাদশ জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্যরা হলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ গোলাম মোহাম্মদ সিরাজ এবং ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান। বিএনপির সংরক্ষিত সংসদ সদস্য রুমিন ফারহানা।

সমাবেশে বগুড়া-৬ আসনের এমপি জিএম সিরাজ বলেন, ‘আমরা পদত্যাগ করলাম। আমরা পদত্যাগ করছি। শিগগিরই এটি কার্যকর হবে।’

সংরক্ষিত আসনের এমপি রুমিন ফারহানা বলেন, গতকাল ইমেইলে পদত্যাগপত্র পাঠানো হয়েছে। আগামীকাল জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়া হবে।

এমপি হারুনুর রশীদ টেলিফোনে সংবাদমাধ্যমকে বলেন, ‘পদত্যাগের বিষয়টি দলীয় সিদ্ধান্ত। আমি পারিবারিক কারণে অস্ট্রেলিয়ায় আছি। দেশে থাকতেই আমি পদত্যাগপত্রে সই করে এসেছি। আজ সমাবেশ থেকে ঘোষণা হলো।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট থেকে আটজন সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে বিএনপির ছয়জন এবং গণফোরামের দুইজন।

বিএনপির ছয়জনের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন। তবে তিনি নির্ধারিত সময়ে শপথ না নেওয়ায় তার আসনে উপনির্বাচন হয় এবং সেখানে বিএনপির আরেক প্রার্থী জয়ী হন।

এছাড়া সংরক্ষিত আসনে বিএনপি একটি সিট পায়। গণফোরামের দুইজন বাদে বিএনপির এখন সংসদে সাতটি সিট রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *