নেইমার পেনাল্টি না নেয়ার কারণ জানালেন ব্রাজিল কোচ তিতে

ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জিততে কাতারে এসেছিল ব্রাজিল। একঝাঁক তারকা নিয়ে গড়া দলটির হেক্সা মিশনও দারুণভাবে শুরু হয়েছিল। কিন্তু শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে ৪-২ গোলে হেরে যায় ব্রাজিল।

ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের দিন পেনাল্টি নেননি দলটির প্রাণভোমরা নেইমার জুনিয়র। কিন্তু কী কারণে নেইমার পেনাল্টি নেননি তা জানিয়েছেন ব্রাজিলের বিদায়ী হেড কোচ তিতে। খবর গোল ডটকম’র।

রদ্রিগোর শট সেভ হওয়ার পরই চাপে ছিল ব্রাজিল। অন্যদিকে ক্রোয়েশিয়া ক্রমেই গোল করে যাচ্ছিল। এমন পরিস্থিতিতে নেইমারকে পঞ্চম শটের জন্যই রেখেছিলেন কোচ তিতে। তিনি বলেন, পঞ্চম শটটি বেশি গুরুত্বপূর্ণ ও অনেক চাপ থাকে। নেইমার সেই চাপ নিতে পারবে। এজন্য তাকে পঞ্চম শটের জন্য রাখা হয়েছিল।

কিন্তু মারকিনিয়োস চতুর্থ শটে গোল করতে পারেননি। ফলে নেইমারের আর পঞ্চম শট নেয়াই হয়নি। শেষ পর্যন্ত টাইব্রেকারে হেরে বিদায় নিতে হলো সেলেসাওদের।

এদিকে বিশ্বকাপ থেকে বিদায়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলের সুপারস্টার নেইমার। ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হারার পর এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির শনিবারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ম্যাচের পর অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বলেন, ‘আমি জাতীয় দলের জন্য দরজা বন্ধ করছি না, তবে শতভাগ গ্যারান্টি দিচ্ছি না যে আমি ফিরব। আমার ও জাতীয় দলের জন্য সঠিক কী হবে, তা নিয়ে আমাকে আরও কিছুটা ভাবতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *